পরিবর্তন এসেছে ইউটিউবে

ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন এসেছে। নকশা থেকে শুরু করে কিছু বৈশিষ্ট্যে পরিবর্তন এনেছে ইউটিউব। মোবাইল অ্যাপের পাশাপাশি ইউটিউবের ডেস্কটপ সংস্করণেও লেগেছে বদলের ছোঁয়া। এমনকি ইউটিউবের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন থেকে মোবাইল অ্যাপে উল্লম্ব (ভার্টিক্যাল) ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা এবং ভিডিও দেখার সময় পর্দার পাশে আর কালো সাইডবারটি দেখা যাবে না।
উল্লম্ব ভিডিও সমর্থনকারী ইউটিউবের এই নতুন সংস্করণে ভিডিও প্লেয়ারটি স্বয়ংক্রিয়ভাবেই ভিডিওর আকারের সঙ্গে সামঞ্জস্য করতে সক্ষম। অর্থাৎ উল্লম্বভাবে ধারণ করা ভিডিওগুলো তখন স্ন্যাপচ্যাটের মতোই ফোনের পুরো পর্দাজুড়ে দেখা সম্ভব হবে। তখন কালো সাইডবারটিও আপনাকে দেখতে হবে না।
অ্যাপে আসা পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, এতে আপনি ভিডিওর প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন একটি নেভিগেশনাল কি-এর মাধ্যমে তা করা যাবে। নতুন লোগোতে আগের মতোই কালো, সাদা ও লাল রং ব্যবহার করা হয়েছে। এতে নতুন একটি ‘আইকন প্লে’ বোতাম যোগ করা হয়েছে। ফলে এখন থেকে ভিডিওগুলোকে ছোট পর্দার সঙ্গে মানিয়ে নেওয়া আরও সহজ হবে।
ইউটিউব তাদের ওয়েব সংস্করণেও কিছু পরিবর্তন এনেছে। যেখানে গুগলের নান্দনিক নকশায় ব্যবহৃত উপাদানগুলোর প্রাধান্য লক্ষ করা গেছে। নতুন ওয়েব সংস্করণে লালের চেয়ে সাদা রঙের আধিক্য রয়েছে। এতে নতুন একটি অপশনও যোগ করা হয়েছে। আর তা হলো, আপনি চাইলে এখন থেকে ইউটিউব চলার সময় পুরো ডেস্কটপ পর্দাটিকেই কালো করে ফেলতে পারবেন।
মোখলেছুর রহমান, সূত্র: ম্যাশেবল