পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও সম্পদ বাড়ায়: মেলিন্ডা গেটস
পরিবার পরিকল্পনা আফ্রিকার লোকজনকে সম্পদশালী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে সহায়তা করছে। যদি কোনো নারী গর্ভনিরোধক ব্যবহার না করেন, তাহলে তাঁর পুরো জীবন ‘দারিদ্র্যের চক্রে’ আটকা পড়ে যায়। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের অন্যতম সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস এ কথা বলেছেন। আইভরি কোস্টে এ-সংক্রান্ত এক সম্মেলন চলছে। সেখানে তিনি এএফপিকে এসব কথা বলেন।
বিশ্বের শীর্ষস্থানীয় এই ধনকুবের দম্পতি গঠিত বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ ক্ষেত্রে বেশ সক্রিয়ভাবে কাজ করছে।
এএফপিকে মেলিন্ডা গেটস বলেন, পরিবার পরিকল্পনা গ্রহণ করলে একজন নারী ও তাঁর সন্তানদের জন্য ব্যাপক স্বাস্থ্য সুবিধা থাকে। এমনকি আর্থিক সুবিধাও থাকে। তিনি বলেন, সন্তান কম থাকলে তাদের যত্নআত্তিতে তুলনামূলকভাবে সময় কম লাগে। এতে মায়ের মৃত্যুর ঝুঁকিও কমে যায়। এমন পরিস্থিতিতে সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে এবং পরিবারের আর্থিক অবস্থাও ভালো থাকে।
পরিবার পরিকল্পনা নিয়ে আইভরির বাণিজ্যিক রাজধানী আবিদজানে পশ্চিম আফ্রিকার দেশগুলোর পঞ্চম বার্ষিক সম্মেলন চলছে। সেখানে নয়টি দেশের বিশেষজ্ঞরা মিলিত হয়েছেন। তাঁদের লক্ষ্য, ২০২০ সাল নাগাদ এই অঞ্চলে ২২ লাখের বেশি মানুষের কাছে এই সেবা পৌঁছে দেওয়া।
মেলিন্ডা মনে করেন, পরিবার পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য অংশ। যেমনটা কৃষি ও শিক্ষা। তিনি বলেন, নারীদের এ বিষয়ে জানতে হবে এবং তিনি এটি ব্যবহার করতে চান কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বজুড়ে এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। এটা জোর করে গিলিয়ে দেওয়ার বিষয় নয়...চীন এরই মধ্যে তাদের এক সন্তাননীতি থেকে সরে এসেছে। তিনি বলেন, আপনি একটি জিনিস লক্ষ করবেন যে আফ্রিকান দেশগুলো জনসংখ্যাবিষয়ক লভ্যাংশ নিয়ে কথা বলে। তারা মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে চায়। তারা জানে, এর মধ্য দিয়ে দারিদ্র্য থেকে মানুষ বেরিয়ে আসবে। আর সর্বোপরি এটি জিডিপি বাড়াতে অবদান রাখবে।
এরই মধ্যে প্রাথমিক টার্গেট হিসেবে ১০ লাখ নারীর কাছে এ সেবা পৌঁছে যাওয়ায় বেশ আশাবাদী মেলিন্ডা। তাঁর মতে, এই সফলতা নারীদের চারপাশে যেসব ক্ষমতাশালী প্রতিষ্ঠান, স্বামী ও ধর্মীয় নেতা রয়েছেন, তাঁদের শিক্ষিত করে তোলার ওপর নির্ভরশীল। এরপরই আপনি নারীদের সঙ্গে কথা বলতে পারবেন।