
পরিবেশ নিয়ে ‘হায় হায়’ হতাশা প্রকাশ করতে যত মানুষ তৎপর, তত মানুষ কি পরিবেশ নিয়ে কাজ করতে তৎপর? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী এককাট্টা হয়েছেন পরিবেশরক্ষার ব্যাপারে। তাঁরা কথায় নয়, কাজে পরিচয় দিচ্ছেন। ‘পরিবেশ সংরক্ষণ উদ্যোগ-এনসিআই’ নামের তাঁদের সংগঠনটি নিয়মিতভাবে কাজ করে চলেছেন। ‘আমরা ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি ও পুষ্পজাতীয় কয়েক শ চারা রোপণ করেছি। সুন্দরবন রক্ষার জন্য সেমিনার ও মানববন্ধন করেছি।’ জানান সংগঠনের অন্যতম সদস্য ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার। এ ছাড়া পরিবেশ নিয়ে যেসব শিক্ষার্থী গবেষণা করতে চান, তাঁদেরও সব ধরনের সহযোগিতা করি আমরা। এই যেমন ধরুন রিমার কথাই।’ সামনে বসা নওরীন রিমার দিকে আঙুল তুললেন মুনিয়া। ইঙ্গিত পেয়েই বুঝি মুখ খুললেন রিমা নিজেই, ‘আমি মনোয়ার হোসেন স্যারের তত্ত্বাবধানে প্রজাপতির প্রজনন নিয়ে গবেষণা করছি। আমাকে গবেষণার ব্যাপারে নানাভাবে সহযোগিতা করে এনসিআই।’ আরেক গবেষক ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাশেদুর রহমান বলেন, ‘আমাদের ক্যাম্পাসের অদূরেই বংশী নদী। এই নদীর পানির বিশুদ্ধতা নিয়ে গবেষণা করছি। সত্যি বলতে কি, এনসিআই আমাকে উদ্বুদ্ধ করেছে এই গবেষণায় নামতে।’ পরিবেশ নিয়ে তাঁদের আছে নানান আয়োজন, নানা কাজ। সেমিনার, আলোচনা, মানববন্ধন—এসব তো আছেই, পাশাপাশি পরিবেশবিষয়ক ফটোগ্রাফি প্রতিযোগিতারও আয়োজন করেন তাঁরা। জানা গেল, সংগঠনটিরর আরেক সদস্য ফৌজিয়া রিমির কাছে, ‘গত মাসেই আমরা পরিবেশবিষয়ক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের তো বটেই, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।’
এমন সব শুভ কাজের সঙ্গে শুরু থেকেই উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মনোয়ার হোসেইন। প্রকৃতি সংগঠন উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘দিন যত যাচ্ছে, আমাদের প্রকৃতি তত বেশি বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এখনই প্রকৃতি সংরক্ষণের ব্যাপারে মনোযোগী হতে হবে। তরুণ শিক্ষার্থীদের এমন উদ্যোগের সঙ্গে শুরু থেকেই নিজেকে সম্পৃক্ত করেছি। আশা করি, এই সংগঠন প্রকৃতি ও পরিবেশ রক্ষার ব্যাপারে আরও বেশি বেশি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।’