পরিবেশ রক্ষায় বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় দলের তিন সদস্য সদস্য কামরুল, মাজহারুল ও মেহেদী
বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় দলের তিন সদস্য সদস্য কামরুল, মাজহারুল ও মেহেদী

ঢিপঢিপ করে হৃৎপিণ্ড সচল থেকে অবিরাম রক্ত শোধন করে যাচ্ছে বলেই আমরা বেঁচে আছি। বেঁচে থাকার জন্য সবচেয়ে দরকারি জিনিস হলো অক্সিজেন। আমরা অক্সিজেন পাই গাছ থেকে। গাছ পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান। তাই, পরিবেশের বিপর্যয় রোধে তথা প্রাণের অস্তিত্ব রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।
প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। এ দিন অনুষ্ঠিত হলো পরিবেশ অধিদপ্তর ও বন মন্ত্রণালয়ের আয়োজনে ‘পরিবেশ দিবস আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’। এ আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। এতে মোট আটটি দল অংশ নেয়। সেমি-ফাইনাল পর্যন্ত বিতর্কগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হলেও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে। সেখানে অনুষ্ঠিত সনাতিন বিতর্কে পক্ষ দল ঢাকা মেডিকেল কলেজ এবং বিপক্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতর্কের বিষয় ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় প্রশমন অপেক্ষা অভিযোজন অধিক গুরুত্বপূর্ণ’। এতে বিপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় দলটি দেশের বিতর্ক অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ৫ জুন বেলা দুইটার সংবাদের পর। ১১ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে স্মারক ও ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। রানার আপ ঢাকা মেডিকেল কলেজ দল পায় স্মারকের সঙ্গে ২০ হাজার টাকার প্রাইজমানি।
কথা হলো চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্যদের সঙ্গে। প্রথম বক্তা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানালেন, ‘প্রথমবারের মতো এই অর্জন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।’ দ্বিতীয় বক্তা ডিইউডিএসের সহসভাপতি মেহেদী হাসান বলেন, ‘যতবারই চ্যাম্পিয়ন হই, প্রতিবার মনে হয় যেন জীবনে প্রথমবার চ্যাম্পিয়ন হলাম। যখন ডিইউডিএসকে প্রতিনিধিত্ব করি, তখন মনে হয়, আমি যেন ৩৫ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছি।’
সহযোদ্ধাদের কণ্ঠে আবেগের ছাপ পড়ল দলনেতা কামরুল ইসলামের কণ্ঠেও। ডিইউডিএসের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল পড়ছেন মার্কেটিং বিভাগে চতুর্থ বর্ষে। এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তাও তিনি। উচ্ছ্বসিত কণ্ঠে কামরুল বললেন, ‘অনেকবার ফাইনাল মঞ্চে বিতর্ক করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে এটিই আমার প্রথম ফাইনাল। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই ফাইনালে ভালো বিতর্ক করা খুব জরুির ছিল। অবশেষে শ্রেষ্ঠ বক্তা হয়ে দলকে জয় এনে দিতে পেরে ভালো লেগেছে৷ যেতে চাই আরও বহুদূর।’