পরিবেশ রক্ষায় সার্চ ইঞ্জিন
পরিবেশ ক্ষতির হাত থেকে বাঁচাতে ইন্টারনেটে রয়েছে পরিবেশবান্ধব সার্চ ইঞ্জিন ইকোসিয়া (www.ecosia.org)। ইন্টারনেটে তথ্য খোঁজা এবং এর পাশাপাশি পরিবেশ দূষণের দায়ভারও কমাতে জার্মান সার্চ ইঞ্জিন ইকোসিয়া চালু হয় গত বছরের ডিসেম্বরে। চালুর এক বছরের মধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রতিদিন এক লাখেরও বেশি! নানা ধরনের প্রয়োজনীয় তথ্য খুঁজতে না যতবার সার্চ ইঞ্জিন গুগলে তথ্য খোঁজা হয়, ততবারই নিয়মিতভাবে পরিবেশের সঙ্গে যোগ হচ্ছে কার্বন ডাই-অক্সাইড গ্যাস, ইন্টারনেট এবং জলবায়ু নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিওটু অনলাইনের কর্মকর্তা সোফি ফ্যাব্রিসিয়াস জানান, ‘কোনো তথ্য খোঁজার কাজেও নির্গত হচ্ছে কার্বন ডাই-অক্সাইড, কারণ সার্চ ইঞ্জিনগুলো চলে বিশালাকারের সার্ভার ব্যবহার করে।’ সোফি ফ্যাব্রিসিয়াস বলেন, এই সার্ভারগুলো চলে জীবাশ্মভিত্তিক জ্বালানি দিয়ে; তাই এ ক্ষেত্রে বিপুল পরিমাণ কার্বন মিশে যায় পরিবেশের সঙ্গে। সার্চ ইঞ্জিনটির প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান ক্রোল এটি চালান পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করে পরিচালিত সার্ভারের মাধ্যমে। আর সার্চ ইঞ্জিনটি চালাতে ব্যবহূত হয়েছে ইয়াহু ও বিংয়ের প্রযুক্তি। সার্চ ইঞ্জিনগুলোতে কোনো তথ্য খুঁজতে গিয়ে যেসব লিংকস এবং বিজ্ঞাপন স্ক্রিনে আসে, সেগুলোতে ক্লিক করলেই আয় হয় ইয়াহু, বিং এবং ইকোসিয়ার। ইকোসিয়ার মোট আয়ের ৮০ শতাংশ রাজস্ব দান করে পরিবেশ রক্ষায় কর্মরত ‘ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার’ এবং আমাজন রেইনফরেস্ট রক্ষার তহবিলে। —ইকোসিয়া ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী