পরিবেশদূষণে দায়ী প্রযুক্তি প্রতিষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতকাল পরিবেশদূষণের কথা উঠলেই সব দায় চাপিয়ে দেওয়া হতো ধোঁয়া নির্গতকারী গাড়ির ওপর। পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা গ্রিনপিস এবার দিল নতুন এক তথ্য। তারা এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবেশদূষণের পেছনে বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তিপ্রতিষ্ঠানেরও বড় হাত আছে! তাদের মতে, ইন্টারনেট যদি একটি পৃথিবী হয়, তাহলে শক্তি নিঃশেষকারীর তালিকায় এই পৃথিবীর অবস্থান হতো পঞ্চম! যা কিনা জাপান ও রাশিয়ার চেয়েও বেশি। কীভাবে? তথ্য সংরক্ষণ ও পাঠানোর জন্য বিপুল পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচের ব্যাপার আছে। আর এই শক্তি যে পথে আসছে, সেখানেই যত গন্ডগোল। অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান আছে, যারা কিনা তাদের বৈদ্যুতিক শক্তির জন্য কয়লা ও পারমাণবিক শক্তি ব্যবহার করে। এই দুটি শক্তির উৎস পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। গত গত পরশু ছিল ধরিত্রী দিবস। এই দিনে গ্রিনপিস জানিয়েছে, পরিবেশদূষণে বড় ভূমিকা রাখা প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে অ্যাপল। গ্রিনপিসের হিসাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটির স্কোর ৬ দশমিক ৭ শতাংশ। এই প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক শক্তির উৎস কয়লা ও পারমাণবিক শক্তি। এরপর আছে এইচপি, স্কোর ৯ দশমিক ৯। আর সবার শেষে আছে ইয়াহুর নাম। বাতাস এবং সৌরশক্তি ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি আহরণের কারণেই ইয়াহুর স্কোর এত বেশি। গুগল আছে ইয়াহুর ওপরে, ৩৬ দশমিক ৪ স্কোর নিয়ে। এই প্রতিষ্ঠানটিও তথ্য সংরক্ষণ ও পাঠানোর কাজে সৌরশক্তি ব্যবহার করছে। আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করেনি গ্রিনপিস। প্রাথমিকভাবে কয়েকজন সাধারণ মানুষের তথ্য ও অনুমাননির্ভর এই প্রতিবেদনটির পূর্ণাঙ্গ সংস্করণ বেরোবে অচিরেই।—সিএনএন অবলম্বনে মাহফুজ রহমান