পরিবেশবান্ধব অবকাঠামো প্রযুক্তির প্রদর্শনী
অবকাঠামো ও জ্বালানির জন্য ব্যবহূত পরিবেশবান্ধব বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর রূপসী বাংলা হোটেলে। ২৮ জুন থেকে শুরু এই মেলা চলবে ৩০ জুন পর্যন্ত। মেলায় বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। মেলায় সৌরবিদ্যুত্, জ্বালানিসহ শিল্প কারখানায় ব্যবহার উপযোগী বিভিন্ন প্রযুক্তি নিয়ে বসেছে ২০ টিরও বেশি স্টল। মেলায় আগত উত্সুক দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে দাঁড়িয়ে তাঁদের প্রযুক্তি পণ্যের বর্ণনা শুনছেন, পাশাপাশি মেলায় আসা আগ্রহী অনেকেই পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন। মেলায় পরিবেশবান্ধব কাঠ কয়লার বিকল্প ‘ভাওয়াল কয়লা’ এবং ডিজেল ও ফার্নেস অয়েলের বিকল্প জ্বালানি তেল নিয়ে উপস্থিত হয়েছেন রেডিয়্যান্ট রিনিউএবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহসিনুল হাবিব।এ প্রসঙ্গে মাহসিনুল হাবিব জানিয়েছেন,‘দেশে কাঠের বিকল্প জ্বালানি খুঁজে বের করা প্রয়োজন। পুরোনো টায়ার রিসাইকেল প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম কয়লা, কাঠ কয়লার বিকল্প হতে পারে। ইতোমধ্যে তাঁর প্রতিষ্ঠানের তৈরি কয়লা ঢাকাসহ বেশ কয়েকটি জেলা শহরেও ব্যবহূত হচ্ছে। এই কয়লা জ্বালানি হিসেবে গ্যাস, কাঠ-কয়লা ও কাঠের চেয়েও সাশ্রয়ী। বিকল্প এই কয়লার কাঁচামালও দেশে পাওয়া যায়। কয়লা জ্বালানোর পর অবশিষ্টাংশ কেবল সাধারণ ছাই হিসেবে ব্যবহূত হয়। এতে কালি বা ধোঁয়া হয় না, তাপও বেশি হয়। এ ছাড়া স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না। ফার্নেস অয়েল ও ডিজেলের বিকল্প হিসেবে তৈরি জ্বালানিও পরিবেশবান্ধব। শিল্প কারখানার বয়লারে এই তেল ব্যবহার করা যাবে।’মাহসিনুল হাবিব আরও বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আমরা সবুজকে বাঁচাতে পারি।’মেলায় রেডিয়্যান্ট ছাড়াও গ্রীনটেক সিস্টেম সোলার, গালফ ইকো-সিস্টেমস, এসটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন সেমিনারের মাধ্যমে পরিবেশবান্ধব অবকাঠামো ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন গবেষকেরা। মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।