পরিস্থিতি আগাম নির্বাচন করার উপযুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সহিংসতায় রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিরোধীরা রাজপথে নেমে এসেছে। অন্যদিকে পদত্যাগ না করার ব্যাপারে অনড় ইংলাক। সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি সিএনএন ও বিবিসির সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন ইংলাক। এ দুটি উৎ‍স থেকে উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

প্রশ্ন: আপনি শুধু থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রীও। বিষয়টি কীভাবে দেখেন?
ইংলাক: নারী বা পুরুষ—যে কেউ এই ভূমিকা পালন করতে পারেন...তবে নারীরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা, সহযোগিতা ও জোটবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক হন।
প্রশ্ন: নির্বাসিত বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ওপর নির্ভর করেই দেশ চলছে—এ অভিযোগের জবাবে কী বলবেন?
ইংলাক: আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর হয়ে গেল। আমি মনে করি, থাকসিনের ওপর আমার নির্ভরতা নিয়ে সমালোচনা কমে আসা উচিত। আর আমি তঁার ওপর নির্ভর করে দেশ চালালে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবিলাসহ কঠিন সময়গুলোতে টিকতে পারতাম না।
প্রশ্ন: বর্তমান পরিস্থিতিতে আগাম নির্বাচনের কথা বিবেচনা করছেন কি?
ইংলাক: বর্তমান পরিস্থিতি আগাম নির্বাচন করার উপযুক্ত সময় নয়। আর আমার ধারণা, নির্বাচন দিলেও বিক্ষোভ বন্ধ হবে না। কিন্তু আমি দেশকে ভালোবাসি। দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। দেশের জন্য একটি মাত্র জিনিস প্রয়োজন—আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
প্রশ্ন: আপনি বলছেন, আপনি প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন?
ইংলাক: আমি সেটাই মনে করি। মানুষ তা বিশ্বাস করুক বা না করুক।
প্রশ্ন: সাবেক প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভা আপনাকে ‘নির্বোধ নারী’ বলেছেন...
ইংলাক: এটা বলে তিনি কী বোঝাতে চেয়েছেন সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না। যঁারা নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন, তঁাদের উদ্দেশে শুধু বলতে চাই, নারীদের বা থাই জনগণকে সুযোগ দিন। আমরা মনে করি, এটা ইতিবাচকভাবে কথা বলার একটা সুযোগ।
প্রশ্ন: নিজের রাজনীতির ধরন নিয়ে কী ভাবেন?
ইংলাক: জনগণ এটা আশা করে না যে আপনি রাজনীতি নিয়ে খেলা করবেন। জনগণের আশা হলো, আপনি আন্তরিকতার সঙ্গে দেশ চালাবেন, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পেয়েছেন, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।

ভাষান্তর: মাহফুজার রহমান