পরীক্ষা ছাড়া ভর্তি নটরডেমে প্রযোজ্য নয়
চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি-বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যক্রম নটরডেম কলেজের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
আদেশের পর আবেদনকারীর আইনজীবী মইন গণি প্রথম আলোকে বলেন, ওই নীতিমালার তিন অনুচ্ছেদের কার্যক্রম স্থগিত হওয়ার ফলে নটরডেম কলেজ এখন নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। কলেজটির ক্ষেত্রে ভর্তি-পরীক্ষা ছাড়া শিক্ষার্থী ভর্তি-বিষয়ক নীতিমালা প্রযোজ্য হবে না।
গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারি করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কিন্তু নটরডেম কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে ওই নীতিমালার তিনটি অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও আজ রিটটি করেন। প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি, অনলাইনে ভর্তি এবং নীতিমালার প্রবর্তন ও প্রয়োগ—নীতিমালার এই তিনটি অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মইন গণি।
রুলে ওই তিনটি অনুচ্ছেদ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা হবে না, তা জানতে চাওয়া হয়। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।