পর্দা উঠল সিবিটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির হ্যানোভারে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট ২০১৪’-এর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্য নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক গোয়েন্দাগিরি করছে এমন বিতর্কের মধ্যেই পর্দা উঠল এবারের সিবিটের।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মেলা উদ্বোধনের সময় তথ্য নিরাপত্তার ওপর ইউরোপীয় নীতির উন্নয়নের ওপর গুরুত্ব দেন ম্যার্কেল। অবশ্য গোপন গোয়েন্দাগিরি প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা বাহিনীর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোপন গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করেন। এরপর তা নিয়ে টানাপোড়েন চলে।

‘বিগ ডেটা অ্যান্ড ডেটাবিলিটি’ বিষয় নিয়ে এবারের পাঁচ দিনের সিবিট মেলায় সহযোগী দেশ হিসেবে আছে যুক্তরাজ্য।

এক লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে চলছে ২৯তম সিবিট মেলা। ২৮টি বিশাল হলে এই আয়োজনে অংশ নিচ্ছে ৭০টি দেশের চার হাজার প্রযুক্তিপ্রতিষ্ঠান। আয়োজকেরা আশা করছেন মেলায় দর্শক হবে চার লাখ। এবারের মেলায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে জার্মানি ও চীন থেকে।

সিবিট মেলায় এবারও আছে বাংলাদেশের অংশগ্রহণ। এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়ন রয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলপিং কান্ট্রিসের অধীন বেশ কিছু তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানসহ বাংলাদেশের হাইটেক পার্কের কর্মকর্তারা মেলায় অংশ নিচ্ছেন।

৫জি উন্নয়নে সহযোগিতা

মেলার শুরুতে ডেভিড ক্যামেরন যুক্তরাজ্য ও জার্মানি কীভাবে উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হতে পারে, সে বিষয়ে উল্লেখ করেন। ক্যামেরন এই মেলায় ব্রিটিশ-জার্মান যৌথ উদ্যোগে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক নির্মাণেরও ঘোষণা দেন। পঞ্চম প্রজন্মের ইন্টারনেট নেটওয়ার্ক বা ৫জি উন্নয়নে জার্মানি ও যুক্তরাজ্যের গবেষকেরা একসঙ্গে কাজ করবেন। ৫জি নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হলে এক সেকেন্ডে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি ডাউনলোড করা সম্ভব হবে। জার্মানির ড্রেসডেন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কিংস কলেজ বিশ্ববিদ্যালয় ও সারে বিশ্ববিদ্যালয় একত্রে ৫জি উন্নয়নে কাজ করবে।

সবকিছুতেই ইন্টারনেট

এবারের সিবিট মেলায় সবকিছুতেই ইন্টারনেট বা ইন্টারনেট অব থিংস প্রতিষ্ঠার ক্ষেত্রেও যৌথ উদ্যোগের কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। তিনি বলেন, আমরা নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে এবং আমি আশা করি জার্মানি ও যুক্তরাজ্য এটার নেতৃত্ব দেবে। গবেষণাসংক্রান্ত কাজে ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণাও দেন ক্যামেরন।