পর্দা ছাড়া ক্ষুদ্রতম কম্পিউটার
নরওয়ের ‘এফএক্সআই’ সম্প্রতি একটি বুদ্ধিমান ইউএসবি ড্রাইভ বা এইচডিএমআই তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘কটন ক্যান্ডি’। মজার ব্যাপার হলো, এটি সহজেই কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপে যোগ করা যাবে। তা ছাড়া বিভিন্ন যন্ত্রে ইউএসবির অপারেটিং সিস্টেম, ক্লাউড সেবা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনও এটি চালু করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, নতুন উদ্ভাবিত এ ইউএসবি ড্রাইভটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পর্দাহীন কম্পিউটার। ওজন মাত্র ২১ গ্রাম। এর আয়তন ২.৫x৮ সেন্টিমিটার (সেমি)।তাক লাগানো এ যন্ত্রটিতে রয়েছে অনেক সুবিধা এবং শক্তিশালী যন্ত্রাংশ। এতে আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ এআরএম প্রসেসর এবং কোয়াড-কোর জিপিইউ। আরও আছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এইচডিএমআই আউটপুট। শুধু তা-ই নয়, যন্ত্রটি দিয়ে হাই ডেফিনেশন ভিডিও দেখা যাবে সহজে। খুব শিগগির এটি বাজারে আসবে বলে কর্তৃপক্ষ আশা করছে। আর এর দাম পড়বে প্রায় ২০০ মার্কিন ডলার। —টেকস্পট, গিজম্যাগ অবলম্বনে প্রদীপ সাহা