আজকাল ফেসবুকে একটা ছবি বা স্ট্যাটাস পোস্ট করা হলে সঙ্গে ক্রেডিটের লম্বা তালিকা চোখে পড়ে! নিঃসন্দেহে কৃতজ্ঞার দারুণ উদাহরণ রাখছি আমরা। তবে এমন কিছু বিষয় আছে, যেগুলোর সঙ্গে যুক্ত মানুষ বা বস্তুকে আমরা ক্রেডিট দিই না। কেমন হতো তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে?

যেভাবে ক্রেডিট দেওয়া হয়
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে...
ছবি ক্রেডিট: ডিএসএলআর ক্যামেরা
(এই ডিএসএলআরের কাছে আমি
সত্যিই ঋণী)
ক্যামেরা ক্রেডিট: মজনু <3
(আমার ভালোবাসা, আমার
পার্সোনাল ক্যামেরাম্যান!)
ক্যাপশন ক্রেডিট: রবীন্দ্রনাথ ঠাকুর
(উনি অ্যাত্তগুলা জোস)
ড্রেস ক্রেডিট: বড় আপ্পি <3
(তার কাছ থেকে গিফট পাওয়া)
পোজ ক্রেডিট: সালমা <3
(আমার প্রাণপ্রিয় বান্ধবী)
মেকআপ ক্রেডিট: নিজেকে
লোকেশন ক্রেডিট: রিকশাওয়ালা মামা
(তিনিই তো এত সুন্দর জায়গায়
নিয়ে গেলেন)
কদম ফুল ক্রেডিট: পার্কের এক পিচ্চি
(ফুল কেনার জন্য আধঘণ্টা
পেছনে লেগে ছিল)

যেভাবে ক্রেডিট দেওয়া যেতে পারে
ইয়াহু! এ+ পাইছি!
আনুষ্ঠানিক ক্রেডিট: আমি আমার রেজাল্টের জন্য ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে ও আমার সব শিক্ষক-শিক্ষিকাকে। তাঁদের ছাড়া এই রেজাল্ট করা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না।
সাজেশন ক্রেডিট: ফেসবুককে ও আমার আশপাশের বন্ধুদের। তারা কতগুলো সাজেশন দিয়েছিল। সেগুলো থেকেই সব প্রশ্ন কমন পড়ে গেছে!
হেল্পিং ক্রেডিট: ১. পাশের বেঞ্চের বন্ধু কামালকে, সে ইংরেজি পরীক্ষায় না দেখালে পাস করতাম কি না সন্দেহ। ২. পেছনের বেঞ্চের বন্ধু রতনকে, গণিত পরীক্ষায় যখন প্রশ্ন পেয়ে হাঁ করে বসে ছিলাম, তখন সে-ই ছিল আমার ত্রাণকর্তা।
বিশেষ ক্রেডিট: নাম না-জানা সেই টিচারকে, যিনি গার্ড দিতে এসে পরীক্ষার হলে ঘুমিয়ে পড়েছিলেন! ক্রেডিট দিচ্ছি আরেক টিচারকে, যিনি আমাদের গার্ড না দিয়ে পাশের রুমের আরেক টিচারের সঙ্গে কথা বলেই সময় পার করে দিলেন!
মূল ক্রেডিট: আসলে সব ক্রেডিট রুমকির। সে হুমকি দিয়েছিল, এ+ না পেলে আমার সঙ্গে আর সম্পর্কই রাখবে না।

আমরা করেছি জয়!
আনুষ্ঠানিক ক্রেডিট: প্লেয়ারদের অসাধারণ নৈপুণ্য এবং দেশের মানুষদের অকুণ্ঠ সমর্থনের কারণে বিশ্বকাপ জিতলাম। ধন্যবাদ সবাইকে!
টস ক্রেডিট: সেই মূদ্রাটিকে, যেটি আমাদের হয়ে কাজ করেছিল। সঙ্গে ম্যাচ রেফারির কথাও স্মরণ করতে চাই।
সিদ্ধান্ত ক্রেডিট: আম্পায়ারদের। তাঁরা না থাকলে আমরা বিশ্বকাপ জিততে পারতাম না! আউট হলে ‘নো বল’ আর নো বল হলেও
আউটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে তাঁরা আমাদের অনেক সহযোগিতা করেছেন।
পিচ ক্রেডিট: পিচ কিউরেটরদেরও ধন্যবাদ! তাঁরা এমন পিচ বানিয়েছেন যে আমাদের ব্যাটসম্যানদের কোনো সমস্যায় পড়তে হয়নি।
মূল ক্রেডিট: আইসিসির অবদান এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্য দলের যেসব প্লেয়ার আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল, তাদের ধরে ধরে ব্যান করে দেওয়ার কারণেই আমরা এত দূর আসতে পারলাম!
এই বাজে লেখার ক্রেডিট: লেখক
আনুষ্ঠানিক ক্রেডিট: রস+আলোর সম্পাদককে (মাথায় একটু ঘিলু থাকলে এই লেখা ছাপতেন না)।
সহযোগিতা ক্রেডিট: সাপ্তাহিক মিটিংয়ে উপস্থিত রস+আলোর সদস্যদের।
আইডিয়া ক্রেডিট: রস+আলোর মিটিংয়ে মামুন ভাইয়ের সরবরাহকৃত কফি।
বাতাস ক্রেডিট: মিটিংরুমের এসি (গরমে আইডিয়া আসছিল না)!
দয়া করে পড়ার ক্রেডিট: রস+আলোর পাঠকদের।