পর্নোগ্রাফির মাধ্যমে ভারতে বাড়ছে সাইবার অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি ব্যবহার করে এখন ভারতে পর্নোগ্রাফি-সংক্রান্ত সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। মূলত কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাইসহ হায়দরাবাদ, ভুপাল, বেঙ্গালুরুর মতো নামী শহরে এখন পর্নোগ্রাফি নিয়ে সাইবার অপরাধ বেড়েই চলেছে। আর এর শিকার হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তরুণী ও গৃহবধূরা।ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (আইসিইআরটি) অপরাধ বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছে। এক প্রতিবেদনে তারা বলেছে, ২০০৯ সালে সংঘটিত সাইবার অপরাধের ৫৬ দশমিক ২০ শতাংশ অপরাধই ছিল পর্নোগ্রাফি-সংক্রান্ত। ১৩ দশমিক ৮১ শতাংশ ছিল কেনাকাটা-সংশ্লিষ্ট সাইবার অপরাধ। আর অন্যান্য সাইবার অপরাধের হার ছিল নয় শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক বছরে ভারতের নামী শহরগুলোতে ৫০ শতাংশের বেশি সাইবার অপরাধ বেড়েছে।কলকাতা পুলিশের সাইবার অপরাধ সেলের এক কর্মকর্তাও বলেছেন, পর্নোগ্রাফি অপরাধ হলো অশ্লীল ছবি ও চলচ্চিত্রসম্পর্কিত অপরাধের মাধ্যমে নারীদের হয়রানি ও প্রতারণা করা। বেশির ভাগ সময়ে মেয়েদের মুখমণ্ডল অন্য কোনো নগ্ন ছবিতে বসেয় (সুপার ইম্পোজড) করে ইন্টারনেটের বিভিন্ন পর্নোসাইটে প্রকাশ করে পরে ব্লাকমেইল করা হয়। আবার নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তা ছাড়া কোনো কোনো ক্ষেত্রে আবার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিক তার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইল ফোনের মাল্টিমিডিয়া বার্তার (এমএমএস) ছড়িয়ে দেয়। এখন এই পর্নোগ্রাফি-সংক্রান্ত সাইবার অপরাধ দমনের জন্য ভারতের বিভিন্ন শহরের পুলিশ উদ্যোগী হলেও সাইবার অপরাধীদের সঙ্গে পেরে উঠতে পারছে না। —অমর সাহা, কলকাতা