পশ্চিমবঙ্গে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার বলেছেন, মোবাইল ফোনের দূষণ রোধের জন্য এখন পশ্চিমবঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের স্পর্শকাতর স্থান বিশেষ করে স্কুল-কলেজ বা হাসপাতালের কাছে মোবাইল টাওয়ার বসানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে বলেছেন, বর্তমান মোবাইল টাওয়ারগুলো কী পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বা ওই টাওয়ার পরিবেশদূষণে কতটুকু যুক্ত আছে ইত্যাদি বিষয় নিয়ে তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে মুম্বাইয়ের আইআইটির টাওয়ার ও রেডিয়েশন বিভাগের অধ্যাপক গিরীশ কুমার, পশ্চিমবঙ্গের খড়গপুর আইআইটির বায়োমেডিকেল বিভাগের অধ্যাপক সুজয় গুহ এবং একই প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুদর্শন নিয়োগিকে।এ কমিটি মোবাইল টাওয়ারের পাওয়ার, ফ্রিকোয়েন্সি, অ্যান্টেনার প্রকৃতি, তেজস্ক্রিয়তার প্রকৃতি ইত্যাদি পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে রাজ্য সরকার মোবাইল টাওয়ারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। —অমর সাহা, কলকাতা