পশ্চিমা অনেকেই সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে আন্তর্জাতিক তৎপরতা এখন পর্যন্ত কার্যত নস্ফিল। রাশিয়ার প্রস্তাবিত শান্তি সম্মেলনকে সহিংসতা বন্ধের শেষ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আর্জেন্টিনার দৈনিক ক্লেরিন ও সংবাদ সংস্থা তেলম-এর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তাঁর উল্লেখযোগ্য অংশ: 

প্রশ্ন: সিরিয়ার সংকটটি কেন এত জটিল ও বিস্তৃত হলো বলে মনে করেন?

উত্তর: প্রথমত, অসংখ্য বিষয় সিরিয়ার সংকটকে প্রভাবিত করেছে। অভ্যন্তরীণভাবে এবং সিরিয়ার বাইরে থেকে এসব করা হয়েছে। দ্বিতীয়ত, সিরিয়াকে সংঘাতপূর্ণ রাষ্ট্রে পরিণত করে বাইরে থেকে হস্তক্ষেপের পরিকল্পনা করা হয়েছিল। তারা ধারণা করেছিল, কয়েক সপ্তাহ বা কয়েক মাসেই সে পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। কিন্তু সিরিয়ার জনগণ সেই পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে।

এই সংঘাতে এ পর্যন্ত কত প্রাণহানি হয়েছে বলে আপনি মনে করেন। কোনো কোনো সূত্র বলছে, এ সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে...।

সিরিয়ার যেকোনো নাগরিকের মৃত্যুই দুঃখজনক, এখানে সংখ্যা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু যে সূত্র এই সংখ্যার কথা বলছে, তার বিশ্বাসযোগ্যতা দেখতে হবে। অনেক নিখোঁজকেও নিহতের তালিকায় ধরা হচ্ছে।

প্রশ্ন:রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি সম্মেলনকে কীভাবে দেখছেন?

উত্তর: এই উদ্যোগকে স্বাগত জানাই। সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানের পথকে আমরা আগেও সমর্থন দিয়েছি। কিন্তু আমরা সতর্ক। এই সতর্কতার কারণ পশ্চিমা অনেকেই সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা দিয়ে যাচ্ছে।

প্রশ্ন:তাহলে আপনি কী বিদেশভিত্তিক সিরীয় গোষ্ঠীগুলোর সঙ্গেও আলোচনায় বসতে রাজি?

উত্তর: কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করতে রাজি। তারা বাইরের হোক বা সিরিয়ার ভেতরের হোক। তবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্রবিরতি ঘোষণা করে আত্মসমর্পণ করতে হবে।

প্রশ্ন:আপনি বলছেন সিরিয়ায় হস্তক্ষেপের জন্য বাইরে থেকে পরিকল্পনা করা হচ্ছে এবং বিদ্রোহীদের সঙ্গে বাইরের‘সন্ত্রাসীরা’ যোগ দিয়েছে। এদিকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে থেকে হিজবুল্লাহ ও ইরান বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে শোনা যায়। এ ব্যাপারে কী বলবেন?

উত্তর: আমরা যখন সিরিয়ায় বিদেশিদের উপস্থিতির কথা বলেছি, তখন এর পাল্টা হিসেবে পশ্চিমারা হিজবুল্লাহ ও ইরানের বিষয়টি ছড়িয়েছে। আমি বলব, সিরিয়া নিজের জনগণের ওপর আস্থাশীল। বাইরের দেশের কারও সহায়তার প্রয়োজন নেই। আর সিরিয়ার সংকট শুরুর অনেক আগে থেকেই চুক্তির আওতায় হিজবুল্লাহ ও ইরানের কিছু সেনা এখানে রয়েছে।

প্রশ্ন:যুক্তরাষ্ট্র বলেছে, তাঁরা সিরিয়ায় হস্তক্ষেপ করতে চায় না। আর পাশ্চাত্যের কয়েকজন নেতা বলেছেন, সংলাপে প্রেসিডেন্ট বাশারের সম্ভাব্য পদত্যাগের বিষয়টি থাকা উচিত। যদি কোনো সংলাপে এমন প্রস্তাব আসে, কী করবেন?

উত্তর: আমি জানি না, পশ্চিমী নেতারা সিরিয়ার জনগণের মতো করে কথা বলার এখতিয়ার কীভাবে পান? কে থাকবে, কে পদত্যাগ করবে তা সিরিয়ার জনগণেরই ঠিক করার কথা।

প্রশ্ন:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বলেছেন, সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের‘শক্ত প্রমাণ’ তাঁদের কাছে আছে। এ ব্যাপারে আপনার অবস্থান কী?

উত্তর: পশ্চিমা দেশগুলো একদিন বলছে, প্রমাণ পেয়েছে। পরদিন বলছে, ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়া যায়নি। তারা আসলে কী বলতে চায়, আমরা তা বোঝার জন্য অপেক্ষা করছি। রাসায়নিক অস্ত্র হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র। তারা বলছে, এটা ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হয়েছে। যদি তা-ই হয়, তাহলে নিহত ব্যক্তির সংখ্যা ১০ বা ২০ জন হয় কীভাবে? রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আসলে সিরিয়ায় সামরিক অভিযান জায়েজ করার একটি অজুহাত মাত্র। আর একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ কারও জন্য বনভোজনের মতো হবে না। এখানকার পরিস্থিতি একেবারেই ভিন্ন।

সূত্র: সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা

l ভাষান্তর: মাহফুজাররহমান