পশ্চিমা পোশাকেই সারা দিন: মৌসুমী হামিদ

এখনো অভিনয়শিল্পী মৌসুমী হামিদের ঈদের দিনটি কাটান গ্রামের বাড়ি সাতক্ষীরায়। মা-বাবার সঙ্গে। বন্ধুদের নিয়ে সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়ান। ঈদের দিন সকালে উঠে আগে মাকে কাজে সাহায্য করেন। এরপর মায়ের সঙ্গে রান্নাবান্নায় হাত লাগান। এরপর একটু বেলা বাড়লে গোসল সেরে সাজতে বসেন। এবারও তেমনটাই পরিকল্পনা আছে। ‘বন্ধুদের সঙ্গে সারা দিন টো টো করে ঘুরব এ-বাড়ি ও-বাড়ি। সারা দিন যেহেতু বাইরে ঘুরে বেড়াই, তাই সকালে পরব পশ্চিমা পোশাক।’ বললেন মৌসুমী হামিদ। জিনসের সঙ্গে পরবেন টপস বা ফতুয়া, পায়ে স্লিপার। হালকা মেকআপ নেবেন। চুলটা হয়তো পনিটেইল করবেন বা খোলাই রাখবেন। চোখে থাকবে হালকা কাজল। কানে একটা ছোট্ট পাথরের দুল আর হাতে কিছু ধাতব বালা। আঙুলে দু-তিনটি আংটি থাকবে। সকালের সাজে এটুকুই। ঘুরতে বেরোনোর সময় ভ্যান, রিকশা বা অনেক সময় বাসে চড়ে বসেন বলে জানালেন। ‘আমার টো টো দলে থাকে ১০ থেকে ১২ জন। এভাবেই কাটবে সন্ধ্যা পর্যন্ত।সন্ধ্যার পরে সাজটা হবে একটু জমকালো। আমাদের আত্মীয়স্বজন বা বন্ধুদের বাড়িতে বেড়াতে যাই রাতে।এই সময়ে আগে শাড়ি পরতাম, তবে এবার পরব সালোয়ার-কামিজ।’ বলেন তিনি। হালকা কচি কলাপাতা রঙের একটা পোশাক এরই মধ্যে কেনা হয়েছে। রাতে কানে একটু ভারী পাথরের দুল পরবেন। হাতে থাকবে চুড়ি। এই সময়ে পোশাকের সঙ্গে মিলিয়ে কাজল বা আইশ্যাডো দেবেন চোখে। আইলাইনার দেবেন টেনে। চুলটা রাতে খোলা রাখবেন।