পাঁচ অঞ্চলের বিতর্ক কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর বিতর্ক উত্সবে চূড়ান্ত পর্বে এক বিতার্কিক
মিরপুর বিতর্ক উত্সবে চূড়ান্ত পর্বে এক বিতার্কিক

পুরান ঢাকা
ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব শুরু হয়েছিল পুরান ঢাকার উৎসব দিয়ে। চূড়ান্ত উৎসবের ১০ দিন আগে থেকেই স্কুলগুলোতে চলে বিতর্ক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। ১৩ ও ১৪ সেপ্টেম্বর বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী উৎসবে অংশগ্রহণ করে পুরান ঢাকার ২৫টি স্কুল। চ্যাম্পিয়ন হয় সেন্ট গ্রেগরিজ স্কুলের অনয় ভূঁইয়া, আমির হামজা ও পার্থ সাহার দল আর রানারআপ হয় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের তাবাসসুম আলী, ফাদিয়া আহমেদ ও নাঈমা মিতুর দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় অগ্রণী গার্লস স্কুলের তাবাসসুম আলী। —শাকিল মাহবুব

মিরপুর
‘আমাদের স্কুলে বড় কোনো উৎসব হচ্ছে প্রথমবারের মতো, সেটা কিনা আবার বিতর্ক উৎসব। আমি বিতর্ক দলে না থাকলেও অনেক কিছু শিখছি’—এমনই উৎফুল্ল অনুভূতি জানায় মিরপুর সরকারি বাংলা স্কুলের শিক্ষার্থী তাসনিম। গত ২১ ও ২২ সেপ্টেম্বর ওই স্কুলেই বসেছিল ১৫টি স্কুল নিয়ে এই উৎসব। উৎসবে চ্যাম্পিয়ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সদস্যরা হলো কাজী আজমাইন হক, তরিকুল ইসলাম ও আজমাইন মাহতাব। রানারআপ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের সদস্যরা হলো যারিন রাফা, ফাহমিদা আরবী ও ইসমাত জাহান। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার জিতে নেয় কাজী আজমাইন হক। —হুর-এ জান্নাত

উত্তরা
১ অক্টোবর। সকালের আলো তখনো পুরো শহরে ছড়িয়ে পড়েনি। তখনি শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ। সেদিন ছিল উত্তরা উৎসব। আর ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসবের শেষ উৎসব। ওই উৎসবে চ্যাম্পিয়ন হয় উত্তরা গার্লস স্কুল আর রানারআপ হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক দল। —শুভাশীষ শুভ

ধানমন্ডি বিতর্ক উত্সবে বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ধানমন্ডি বিতর্ক উত্সবে বিজয়ীদের সঙ্গে অতিথিরা

ধানমন্ডি
বিতর্ক নিয়ে আমার জ্ঞান ছিল সীমিত। বিতর্ক মানে শুধু তর্ক নয়, একটি বিষয়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণও, তা শিখলাম ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসবে এসে। ধানমন্ডি এলাকায় বিতর্ক উৎসব হয় ২৮ সেপ্টেম্বর। লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে। সকাল ১০টায় শুরু হওয়া বিতর্ক উৎসব চলে বিকেল পর্যন্ত। চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল ‘ভালো ফলাফলই শিক্ষার মূল উদ্দেশ্য।’ ভেবেছিলাম দুই দলই প্রথম হবে, কিন্তু বিজ্ঞ বিচারকেরা ঠিকই খুঁজে বের করলেন চ্যাম্পিয়ন দলকে। বিজয়ী দলের মুকুট জিতল ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় বিতর্ক দল। রানারআপ হলো হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হলিক্রসের তাবাসসুম মোস্তাচীর। —রবিউল ইসলাম

রামপুরার চ্যাম্পিয়ন দল
রামপুরার চ্যাম্পিয়ন দল

রামপুরা
শিক্ষার্থীরা যখন শুনছে মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে ‘আমি বাংলার গান গাই...’, তখন চলছে রামপুরা বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বের প্রস্তুতি। ২৪ সেপ্টেম্বর রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ওই উৎসবে অংশ নেয় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। পুরো প্রতিযোগিতায় বন্ধুদের সঙ্গে ছিল স্কুলের গার্লস গাইডের স্বেচ্ছাসেবক। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করে ভিকারুননিসা নূন স্কুল এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শেষ অবধি যুক্তির লড়াইয়ে হেরে যায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকেরা। সেরা বিতার্কিক নির্বাচিত হয় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের মেহেরুন নাহার মৌরি। —অনিক সাহা