পাঁচ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেখাল এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ইঞ্চি ও সাত ইঞ্চি মাপের নমনীয় ও সহজে ভাঙে না এমন অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে তৈরি করেছে এলজি। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এসআইডি বার্ষিক ডিসপ্লে প্রদর্শনীতে সম্প্রতি এ ডিসপ্লে দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস। এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটো আকারের ট্যাবলেট ও স্মার্টফোনে এ নমনীয় ডিসপ্লে ব্যবহার করা যাবে। এই ডিসপ্লে তৈরিতে ব্যবহূত হয়েঠে বিশেষ ধরনের প্লাস্টিক। অত্যন্ত হালকা-পাতলা এ ডিসপ্লে বিদ্যুত্ সাশ্রয়ী।এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সহজে বাঁকানো সম্ভব ও নমনীয় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন তৈরিতে কাজ করছে এলজি। যুক্তরারে গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন প্রযুক্তির উন্নয়নে নমনীয় ডিসপ্লে তৈরির বিষয়টি বড় ধরনের অগ্রগতি হিসেবেই ধরা হচ্ছে। শিগগিরই নমনীয় বা বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনবে এলজি।দীর্ঘদিন ধরেই নমনীয় বা সহজেই ভাঁজ করা সম্ভব, এমন ডিসপ্লে তৈরির কথা বলছেন গবেষকেরা। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং বাঁকানো ডিসপ্লে প্রদর্শন করেছিল। গবেষকেরা জানিয়েছেন, স্যামসাং ছাড়াও নমনীয় ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে নকিয়া।সাধারণত স্মার্টফোন তৈরিতে কাচ ব্যবহার করার কারণে তা পড়ে গেলে সহজেই ভেঙে যায় এবং ওজনে ভারী হয়। নমনীয় ডিসপ্লে তৈরিতে কাচের পরিবর্তে নমনীয় প্লাস্টিক ফিল্ম ব্যবহার করেছে এলজি ।স্মার্টফোন ছাড়াও নমনীয় এই স্ক্রিন স্মার্ট-ওয়াচ বা স্মার্ট হাতঘড়ির জন্য মানানসই। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নমনীয় ডিসপ্লে প্রযুক্তির স্মার্টফোন এমনকি স্মার্ট হাতঘড়িও তৈরি করতে পারে এলজি।এলজি মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এলজির ডিসপ্লে বিভাগের তৈরি নমনীয় ওএলইডি স্ক্রিনযুক্ত একটি স্মার্টফোন চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে।এদিকে বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে শক্ত অবস্থান দখল করছে এলজি। বর্তমানে স্মার্টফোনের বাজারে স্যামসাং ও অ্যাপলের পরের স্থানটি এলজির।