
‘শুধু একটু সহযোগিতাই পারে আমাদের মতো প্রতিবন্ধীদের এগিয়ে নিতে। আমরা কারও বোঝা হয়ে থাকতে চাই না। সরকারের এই উদ্যোগের মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। একদিন প্রযুক্তিবিশ্বকে দেখিয়ে দেব, আমরা বাংলাদেশি প্রতিবন্ধীরা কারও চেয়ে কম নয়।’ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভা ও চাকরি মেলায় এসব কথা বলেন বাগেরহাট মোরেলগঞ্জের শারীরিক প্রতিবন্ধী তিথি হালী। তিথি ঢাকার বেগন বদরুননেসা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমানে তথ্যপ্রযুক্তিভিত্তক ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করছেন। এই আয়োজনে তিথির মতো ৯০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। এসব প্রতিবন্ধীর সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয় চাকরির জন্য এবং ৩২ জনকে গতকালই চাকরি দেওয়া হয়।
২০১৩ সালের বেসিসের আউটসোর্সিং পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার জাহিদুল ইসলাম দুই বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় দেড় কোটি প্রতিবন্ধী মানুষকে বাদ দিয়ে যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা যাবে না সে ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই সচেতন, যা আমার মতো সব প্রতিবন্ধীকে আরও আশান্বিত করে। বর্তমান ডিজিটাল যুগে প্রতিবন্ধিত্ব যে কোনো সমস্যা নয় তা আমরা প্রমাণ করতে পেরেছি।’
আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর গোলাম কিবরিয়াসহ অনেকে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তি কাজে নিয়োগে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে আসছে।’
এই চাকরি মেলায় অংশ নিয়ে ক্রিয়েটিভ আইটি ১০ জন, বাংলাদেশ সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন ১০ জন, নারায়ণগঞ্জ ইয়ুথ ট্রেনিং একাডেমি পাঁচজন, স্পেকট্রাম লিমিটেড পাঁচজন প্রতিবন্ধীকে এবং ব্রিকস সিস্টেম লিমিটেড দুজন প্রতিবন্ধীকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেয়। —রাহিতুল ইসলাম