পাঁচ বছর পার করছে অ্যাপ স্টোর
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অ্যাপ স্টোর পাঁচ বছর পার করছে। এই সময়ে অ্যাপলের এ স্টোরে এসেছে নানা পরিবর্তন। এখন পর্যন্ত এ অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হওয়া অ্যাপের সংখ্যা পাঁচ হাজার কোটি ছাড়িয়েছে! এ ছাড়া কয়েক মাস আগেই অ্যাপল নিজেদের অ্যাপ স্টোরে ১০ লাখ অ্যাপ যুক্ত হওয়াকে বিশেষভাবে উদ্যাপন করেছে। ২০০৮ সালের ১০ জুলাই চালু হয় অ্যাপ স্টোর; যদিও এর আগের বছর অ্যাপল বাজারে আনে আইফোন ও আইওএস। আইফোনের ব্যবহার আর বিক্রির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও বাড়তে থাকে অ্যাপ স্টোরের। অনেক ডেভেলপারও যুক্ত হন এতে অ্যাপ যুক্ত করতে। আর এ স্টোরে অ্যাপ যুক্ত করে ডেভেলপাররাও লাভবান হন বেশি।
ডেভেলপারদের আগ্রহ আর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপ স্টোরে বাড়তে থাকে অ্যাপের সংখ্যা। ২০০৯ সালের শুরুর দিকে অ্যাপল প্রথম ঘোষণা দেয় নিজেদের অ্যাপ স্টোর থেকে ১০ কোটি অ্যাপ ডাউনলোডের মাইলফলকের কথা। এর মাত্র ১৬ দিন পরই আসে ৫০ কোটি অ্যাপ ডাউনলোডের ঘোষণা! অবশেষে সে বছরেই ২৪ এপ্রিল অ্যাপল জানায়, তাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। সে সময়ে ব্যবহারকারীদের যুক্ত করতে অ্যাপল ঘোষণা দেয় ১০০ কোটিতম অ্যাপ ডাউনলোডকারীকে দেওয়া হবে পুরস্কার। এ রীতিতে পরবর্তী সময়েও পুরস্কার দেয় অ্যাপল কর্তৃপক্ষ। চলতি বছর এ অ্যাপ স্টোর পাঁচ হাজার কোটিতম অ্যাপ ডাউনলোডের মাইলফলক অর্জন করে। জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি এগিয়ে যাচ্ছে অ্যাপ স্টোরও। —দ্য টেলিগ্রাফ ও অ্যাপল অবলম্বনে কাজী আলম