পাঁচ বছরেই ইতি ঘটবে ট্যাবলেট যুগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরের মধ্যেই ট্যাবলেট যুগের সমাপ্তি ঘটবে বলে মনে করছে মুঠোফোন নির্মাতা ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, বাজারে বড় আকারের ডিসপ্লেযুক্ত পণ্যগুলোর চাহিদা বেড়ে যাবে এবং ট্যাবলেট থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ।সম্প্রতি ব্ল্যাকবেরি জেড ১০ স্মার্টফোনের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে নিজের এ ধারণার কথা জানিয়েছেন হেইন্স। জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।হেইন্স আরও জানিয়েছেন, ‘আমার মনে হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে ট্যাবলেটের চাহিদা ফুরিয়ে যাবে। কারণ কর্মক্ষেত্রে বড় আকারের ডিসপ্লেযুক্ত পণ্যের ব্যবহার বেড়ে যাবে। তাছাড়া ব্যবসায়িক কাজের জন্যও ট্যাবলেট উপযুক্ত নয়।’হেইন্সের এ মন্তব্য থেকে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ব্ল্যাকবেরি আপাতত ট্যাবলেট তৈরির পরিকল্পনা করছে না। ট্যাবলেট বাজারে অ্যাপল ও স্যামসাং শুরুতে প্রচুর লাভের মুখ দেখলেও সম্প্রতি লাভের অঙ্ক কমতে শুরু করেছে। এর অর্থ, এরমধ্যে ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে।২০১১ সালে ‘প্লেবুক’ নামের একটি ট্যাবলেট বাজারে এনেছিল ব্ল্যাকবেরি। অবশ্য তখন প্রতিষ্ঠানটির নাম ছিল রিসার্চ ইন মোশন বা রিম। ব্ল্যাকবেরি নির্মাতা ‘রিম’ পরবর্তীতে ব্ল্যাকবেরি নামটিকেই ব্র্যান্ড নাম হিসেবে বেছে নিয়েছে।হেইন্স আশা করছেন আগামী পাঁচ বছরের মধ্যে মুঠোফোনের বাজারে শীর্ষস্থানে চলে আসবে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন নতুন স্মার্টফোন ব্ল্যাকবেরিকে বাজারে এগিয়ে রাখবে। আর ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন জেড ১০ ও কিউ১০ হেইন্সকে সেই ভরসা জোগাচ্ছে।