টেলিযোগাযোগ পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াই টেকনোলজিস লিমিটেড ২০০৮ সাল থেকে প্রতিবছর ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এবার প্রথমবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে হুয়াই। গতকাল সোমবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতা আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। এটি হুয়াইয়ের একটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ।
মূলত প্রতিভাবান তরুণদের পৃষ্ঠপোষকতা, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞান বিনিময় এবং টেলিযোগাযোগে তাঁদের আগ্রহ বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য বলে সম্মেলনে জানানো হয়। আইসিটিভিত্তিক ই-সেবা মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে এমন ধারণা দিতে হবে প্রতিযোগীদের।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন করে মোট ১৫ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। শীর্ষ ১০জন প্রতিযোগী চীনে হুয়াইয়ের প্রধান কার্যালয়ে বিনা খরচে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে তাঁরা হুয়াইয়ের গবেষণাগারে ক্লাউড কম্পিউটিং এবং চতুর্থ ও পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক (এলটিই ও ফাইভজি) সম্পর্কে জানবেন।
সম্মেলনে হুয়াইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা জ্যাকি লি বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা ও টেলিযোগাযোগ-সম্পর্কিত কাজে আরও উৎসাহিত করবে।’
হুয়াইয়ের পাবলিক অ্যাফেয়ার্স ও যোগাযোগ বিভাগের পরিচালক কাজী মোবাশ্বের হোসেন বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে এ বছর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তবে আগামী বছর থেকে আরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হবে।’ l মেহেদী হাসান