পাঁচ মাসে তিন কোটি বিক্রি গ্যালাক্সি এস৩!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র পাঁচ মাসে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এস৩’ স্মার্টফোন বিক্রি হয়েছে তিন কোটিরও বেশি। আজ সোমবার স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের মে মাসে এ স্মার্টফোনটি বাজারে আনার পর থেকে যতগুলো বিক্রি হয়েছে তা দ্রুততম স্মার্টফোন বিক্রির রেকর্ড। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।স্যামসাং কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ২০১২ সালে ‘গ্যালাক্সি এস৩’ স্মার্টফোনটি আগের বছর বাজারে আসা ‘গ্যালাক্সি এস২’ স্মার্টফোনটির চেয়েও দ্রুত ৩ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ‘গ্যালাক্সি এস২’ স্মার্টফোনটির ক্ষেত্রে ৩ কোটির মাইলফলক স্পর্শ করতে সময় লেগেছিল ১৪ মাস। সম্প্রতি বাজারে আসা স্যামসাংয়ের ফ্যাবলেট বা ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য হিসেবেও পরিচিত ‘গ্যালাক্সি নোট টু’ বিক্রি হচ্ছে দ্রুতগতিতে। ৩৭ দিনে ৩০ লাখ গ্যালাক্সি নোট টু স্মার্টফোন বিক্রি হয়েছে বলেই জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, গত নয় মাসের বাজার বিবেচনায় শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান স্যামসাং। বছরের তৃতীয় প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে ৫ কোটি ৬৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। তুলনামূলকভাবে অ্যাপল বিক্রি করেছে ২ কোটি ৬৯ লাখ স্মার্টফোন।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, হাইএন্ড বা দামি মোবাইলের ব্যবসার চতুর্থ প্রান্তিক অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বরে আরও ৫% প্রবৃদ্ধি হবে স্যামসাংয়ের।দক্ষিণ কোরিয়ার বাজার গবেষণা প্রতিষ্ঠান নমুরা’র বিশ্লেষকরা জানিয়েছেন, চতুর্থ প্রান্তিকে ৬ কোটি ৭০ লাখেরও বেশি স্মার্টফোন বিক্রি করবে স্যামসাং। স্মার্টফোন ছাড়াও স্যামসাং টেলিভিশন, গৃহস্থালি পণ্য, সেমিকন্ডাক্টার, ডিসপ্লে প্যানেল তৈরি করে। বিশ্ববাজারে টিভি ও কম্পিউটারের ব্যবসায় মন্দা স্বত্বেও সব ধরনের ব্যবসা মিলিয়ে তৃতীয় প্রান্তিকে ৭০% মুনাফা ঘরে তুলেছে স্যামসাং।