পাঁচ শহরে কাল ইনফরমেটিক্স অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার দেশের পাঁচটি শহরে একযোগে অনুষ্ঠিত হবে ইনফরমেটিক্স অলিম্পিয়াড। বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির (বিআইওসি) আয়োজনে দেশের পাঁচটি শহরে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইনফরমেটিক্স অলিম্পিয়াড এবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিন ঘণ্টাব্যাপী অলিম্পিয়াড শুরু হবে বেলা আড়াইটায়। বিআইওসির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ গতকাল বুধবার প্রথম আলোকে জানান, কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। এবারের বিভাগীয় বিজয়ীদের ফলাফলের ওপর ভিত্তি করে জাতীয় অলিম্পিয়াডে কতজন যোগ দেবে তা ঠিক করা হবে। বিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা আগামী ২৭ মার্চ রাজধানীর আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন। জাতীয় উৎসবের মাধ্যমে নির্বাচিত দলটি আগামী ১৪ থেকে ২১ আগস্ট কানাডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। গত বছর আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের পক্ষে মো. আবিরুল ইসলাম রোপ্য পদক জয় করেন। —নুরুন্নবী চৌধুরী