
সংগ্রহ: মো. সাইফুল্লাহ
ট্যাক্সিতে উঠেছে তিন মাতাল।
এক মাতাল বলল, এই, মালিবাগ চলো।
ট্যাক্সির চালক বুঝতে পারছিল, লোকগুলো মাতাল। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। চালক কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল, চলে এসেছি স্যার, নামেন। আর ভাড়া দেন।
প্রথম মাতাল ভাড়া মিটিয়ে নেমে গেল।
দ্বিতীয়জনও চুপচাপ নেমে গেল।
তৃতীয়জন গাড়ি থেকে না নেমে রাগী চোখে তাকিয়ে থাকল চালকের দিকে। চালক তো ভয়ে কাবু! মাতাল ব্যাটা জারিজুরি ধরে ফেলল নাকি!
হঠাৎ তৃতীয় মাতাল চালকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। বলল, এই ব্যাটা, এত জোরে কেউ গাড়ি চালায়? ধীরে চালাতে পারিস না? আরেকটু হলেই তো আমরা মরতে বসেছিলাম!
এক মোরগ আর হাঁসকে তাদের অপরাধের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করল, হাঁস ভাই, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?
মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
উত্তর এল, আমি ইঁদুর না, শজারু!’
জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন মকবুল।
হায় হায় করে ছুটে এলেন জাদুঘরের কর্মীরা। বললেন, আরে, করছেন কী করছেন কী! এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
মকবুল: ভাই, একটু বসতে দেন। সিরাজ ভাই, আসলেই আমি উইঠা যাব!
শিক্ষক: মন্টি, এমন একটা প্রাণীর নাম বলো, যার আদ্যক্ষর ‘হ’।
মন্টি:হাতি।
শিক্ষক: গুড! এবার এমন একটা প্রাণীর নাম বলো তো, যার আদ্যক্ষর ‘অ’।
মন্টি: অনেকগুলো হাতি!
রেস্তোরাঁয় খেতে গেছে বাবলু।
বাবলু: বেয়ারা, এখানে এসো। কী করো তোমরা? দেখছ না, স্যুপের মধ্যে একটা মাছি পড়ে হাবুডুবু খাচ্ছে?
বেয়ারা: তো আমি এখন কী করব? উদ্ধারকর্মীদের খবর দেব?
বাবু বলল জাভেদকে, বল দেখি, খালি পেটে তুই কয়টা আপেল খেতে পারবি?
জাভেদ: পাঁচটা।
বাবু: উঁহু, খালি পেটে তুই একটা আপেলই খেতে পারবি। কারণ, একটা আপেল খাওয়ার পর তোর পেট আর খালি থাকবে না।
জাভেদ: বাহ, মজার কৌতুক তো! আমি আজই এই কৌতুকটা ফারাহকে বলব।
সেদিন বিকেলে ফারাহর সঙ্গে দেখা হলো জাভেদের।
জাভেদ: বল তো, খালি পেটে তুই কয়টা আপেল খেতে পারবি?
ফারাহ: সাতটা।
জাভেদ: ধুর, পাঁচটা বললে একটা মজার কৌতুক হতো!: