পাইরেট বে-র বিরুদ্ধে রায় দিল সুইডেনের আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইল স্থানান্তরের ওয়েবসাইট পাইরেট বে-র বিরুদ্ধে সম্প্রতি রায় ঘোষণা করেছেন সুইডেনের একটি আদালত। এ ওয়েবসাইট থেকে বিনা মূল্যে বিভিন্ন ছবিসহ ভিডিও, গান নামানো যায়। আদালতের রায় অনুযায়ী পাইরেট বে অবৈধভাবে ফাইল আদান-প্রদান করে থাকে, যার জন্য তাদের জরিমানা করা হয়েছে। এর আগের রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত নতুনভাবে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি জরিমানাও বাড়ানো হয়েছে। পাইরেট বের তিন প্রধান ফ্রেডরিক নেইজ, পিটার সুন্ডে এবং কার্ল লুন্ডাস্ট্রোমের আপিলের বিরুদ্ধে এ ঘোষণা করে আদালত। এর আগে সুইডেনের একটি রাজনৈতিক দল পাইরেট বে ওয়েবসাইটে কপিরাইট-বহির্ভূত এবং আইন ভঙ্গ করে ভিডিও, ছবিসহ অন্যান্য ফাইল আদান-প্রদানের ব্যাপারে আদালতে মামলা করে। পাশাপাশি শিগগিরই ওয়েবসাইটটি বন্ধ করার আবেদনও করা হয়। এ মামলার পক্ষে সনি বিএমজি, ইউনিভার্সাল, ইএমআই, ওয়ার্নার ব্রাদারসহ সুইডেনের সেরা সব সংগীত ও ছবি তৈরির প্রতিষ্ঠান নিজেদের সমর্থন জানায়। পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে বিনা অনুমতিতে এ ধরনের কাজ বন্ধের আহ্বানও জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ফাইল আদান-প্রদানের আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট লাইমওয়ার বন্ধ করে দেয়। বিশ্বব্যাপী সংগীত প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা সংগঠন আইএফপিআইয়ের প্রধান নির্বাহী ফ্রান্সেল মোরে বলেন, আদালতের এ রায়ের ফলে এটা নিশ্চিত যে পাইরেট বে অনুমোদনহীন ফাইল আদান-প্রদান করে, যা আইনবহির্ভূত। এখন যত দ্রুত সম্ভব পাইরেট বে ওয়েবসাইটটি বন্ধ করা উচিত এবং এ জন্য সরকার এবং ইন্টারনেট সংযোগ দাতাদের সহযোগিতা প্রয়োজন। অবৈধভাবে এসব ওয়েবসাইটে ফাইল আদান-প্রদান করা হলেও প্রতিদিনই সারা বিশ্বের বড় একটি অংশ এসব সাইট থেকে ছবি, ভিডিও, গান নামিয়ে থাকে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী