পাইরেসি করায় অভিনব শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফটওয়্যার পাইরেসি করায় অভিনব এক শাস্তির মুখোমুখি হতে রাজি হয়েছেন চেক রিপাবলিকের ইয়াকুব এফ।
সফটওয়্যার পাইরেসি করায় অভিনব এক শাস্তির মুখোমুখি হতে রাজি হয়েছেন চেক রিপাবলিকের ইয়াকুব এফ।

সফটওয়্যার পাইরেসি করায় অভিনব এক শাস্তির মুখোমুখি হতে রাজি হয়েছেন চেক রিপাবলিকের ইয়াকুব এফ (৩০) নামের এক ব্যক্তি। যে প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার পাইরেসি করতে গিয়ে ধরা খেয়েছেন, ওই প্রতিষ্ঠানগুলো তাঁর বিরুদ্ধে মামলা করার বদলে তাঁকে দিয়ে সফটওয়্যার পাইরেসিবিরোধী একটি ছবি তৈরি করিয়ে নিচ্ছে। পাশাপাশি শর্ত জুড়ে দিয়েছে নির্মিতব্য ওই ছবিটিতে দুই মাসের মধ্যে কমপক্ষে দুই লাখ দর্শক টেনে আনতে হবে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি সফটওয়্যার পাইরেসির দায়ে অভিযুক্ত ইয়াকুব চেক রিপাবলিকের ক্রিমিনাল কোর্টে দোষী সাব্যস্ত হলে আদালতের বাইরে বিবাদী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা করেন তিনি। দুই মাসের মধ্যে যদি তাঁর তৈরি ছবি দুই লাখ বার দেখা হয়, তবে তাঁর বিরুদ্ধে মামলা করবে না প্রতিষ্ঠানগুলো। তা না হলে প্রতিষ্ঠানগুলো চাইলে যেকোনো সময় মামলা করতে পারবে।
ইয়াকুবের বিরুদ্ধে রয়েছে মাইক্রোসফট, এইচবিও, সনি মিউজিক, টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের সমন্বয়ে তৈরি বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (বিএসএ) জোট। তাঁদের দাবি, ইয়াকুবকে জরিমানা করলে হাজার হাজার পাউন্ড জরিমানা হবে। কিন্তু ইয়াকুব সে জরিমানা শোধ করতে অক্ষম। এর বদলে তাঁরা একটি ছবি তৈরিতে ইয়াকুবের সহযোগিতা চেয়েছে। এ ছবিটি প্রচার করতে সহযোগিতা করতে হবে ইয়াকুবকে।
বিএসএর একটি পাবলিক রিলেশন প্রতিষ্ঠান ইয়াকুবের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে দিয়েছে যেখানে ওই ভিডিওটি রাখা হয়েছে। ওই সাইটে চেক ভাষায় ইয়াকুবের বার্তা হিসেবে লেখা রয়েছে, ‘আমি ভাবতাম, কোনো ভুল করছি না। আমি ভাবতাম, এটা বড় কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করবে না। আমি নিজেকে ছোট মাছ বলেই ভাবতাম।’
ভিডিওতে আর্থিক লাভের জন্য সফটওয়্যার পাইরেসি করতে সতর্ক করেছেন ইয়াকুব। তিনি সাধারণত উইন্ডোজ ৭,৮ সহ অন্য কনটেন্ট পাইরেসি করে ফাইল শেয়ারিং সাইটে রাখতেন। ভিডিওতে ইয়াকুব নিজের ভূমিকায় অভিনয় করেছেন যেখানে শুরুতে পাইরেসি নিয়ে তাঁর আনন্দ প্রকাশ পেলেও পরে ধরা খাওয়া ও পুলিশের হাতে যাওয়ার বিষয়টি দেখানো হয়েছে। ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘দ্য স্টোরি অব মাই পাইরেসি’।