পাইরেসি প্রতিরোধে কঠোর হলো জাপান
ইন্টারনেটে পাইরেসি প্রতিরোধে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে জাপান। কপিরাইট লঙ্ঘন করে এমন কিছু অবৈধভাবে ডাউনলোড করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেল বা জরিমানা করা হবে। অবৈধ মিউজিক ও ভিডিও ডাউনলোডকারীকে কমপক্ষে দুই বছরের জেল ও ২০ লাখ জাপানি মুদ্রা জরিমানা করার আইন করেছে দেশটি। খবর বিবিসির।২০১০ সাল থেকে জাপানে কপিরাইট ভঙ্গ করে ইন্টারনেটে পাইরেটেড মিউজিক, ভিডিও ডাউনলোড করা নিষিদ্ধ হলেও এ ক্ষেত্রে শাস্তির কোনো বিধান ছিল না। জাপানের রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মতে, জাপানে বৈধ ডাউনলোডের চেয়ে অবৈধ ডাউনলোডই বেশি হচ্ছে। তাই এ প্রতিষ্ঠানটি ইন্টারনেট ব্যবহার করে অবৈধভাবে ডাউনলোডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তবে আইনটির সমালোচকেরা জানিয়েছেন, ডাউনলোডকারীদের শাস্তি দেওয়ার চেয়ে যারা অবৈধভাবে ইন্টারনেটে পাইরেসি ফাইল ছাড়ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।জাপানে অবৈধভাবে ইন্টারনেটে পাইরেটেড কোনো কিছু আপলোড করা হলে তার জন্য ১০ বছরের জেল ও এক কোটি জাপানি মুদ্রা শাস্তির বিধান রয়েছে।প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিউজিকের বাজার জাপান। যুক্তরাষ্ট্রের পরই জাপানের অবস্থান।