কুমিল্লা বোর্ডে সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে নোয়াখালীর দুটি বিদ্যালয়। এর মধ্যে নোয়াখালী জিলা স্কুল ১৮তম ও বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ১৭তম স্থান লাভ করে।
তবে সরকারি বালিকা বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস না করায় এবং জিপিএ-৫-এর সংখ্যা কম হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবকেরা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
অন্যদিকে নোয়াখালী জিলা স্কুল থেকে ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ২৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।
এ ছাড়া নোয়াখালীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩১১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।
এদিকে জেলার প্রধান দুটি বিদ্যাপীঠের একটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস না করায় এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
ফলাফল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা শিক্ষা-বাণিজ্যে জড়িয়ে পড়ায় এবং পরিচালনায় অদক্ষতার কারণে জেলা শহরের অন্যতম এই স্কুলটির শিক্ষার মান ক্রমশ কমে যাচ্ছে। যা অত্যন্ত দুঃখ ও হতাশাজনক।’
খারাপ ফলাফল প্রসঙ্গে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর মো. নুরুল আমিন নিজেই হতাশা ব্যক্ত করেন।
আবু জাফর মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমি গত জানুয়ারি মাসে এই প্রতিষ্ঠানে যোগদান করেছি। তবে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো করা যায়, সে বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া হবে।’