পাওয়ার অব ইন্টারনেট: উৎসবের জন্য নির্মিত তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের জন্য আমাদের একটি তথ্যচিত্র তৈরি করতে বলা হলে খুব উৎসাহের সঙ্গে কাজটি শুরু করি আমরা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণ প্রজন্মের কাছে ইন্টারনেটের ব্যবহার সহজ করে তোলার লক্ষ্যেই গ্রামীণফোন ও প্রথম আলোর এই যৌথ আয়োজন। সেই চিন্তা থেকেই তথ্যচিত্রটি আমরা এমনভাবে তৈরি করার পরিকল্পনা করি, যাতে এটি ইন্টারনেটকে শিক্ষার্থীদের সামনে আকর্ষণীয় করে তুলতে সহায়তা করে। আমাদের জন্য পুরো প্রকল্পটি ছিল খুবই উপভোগ্য, সেই সঙ্গে চ্যালেঞ্জিং।পাওয়ার অব ইন্টারনেট শিরোনামের এই ভিডিওচিত্রটি মূলত স্কুল বা কলেজের শিক্ষার্থীর জন্য। ভিডিওচিত্রটি আকর্ষণীয় করার ওপর এর সফলতা অনেকটা নির্ভর করছিল। ইন্টারনেটের ব্যবহারকে সহজ করে তুলে ধরতে আমরা অ্যানিমেশনের ব্যবহার করেছি তথ্যচিত্রটিতে। পাওয়ার অব ইন্টারনেটের কাজটি আমরা করেছি ম্যাভেরিক স্টুডিওসের হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আটজন বন্ধুর মিলিত প্রচেষ্টা এই ভিডিও প্রোডাকশন হাউস। আমরা সব সময়ই চেষ্টা করি নতুন ও ভিন্নধর্মী কিছু করার। বিগত দুই বছরে আমরা দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য অনেক কাজ করলেও এই ভিডিওচিত্রটি আমাদের জন্য ছিল বিশেষ অর্থবহ। ভিডিওতে আমাদের মূল চ্যালেঞ্জ ছিল দুটি—ইন্টারনেট-সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাদি তুলে ধরা এবং পুরো বিষয়বস্তুকে উপভোগ্য ও আকর্ষণীয়ভাবে ভিডিওতে ফুটিয়ে তোলা। এ জন্যই পুরো তথ্যচিত্রেই ছিল অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, যেখানে ভার্চুয়াল ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের দরকারি ও প্রয়োজনীয় সাইটগুলোকে উপস্থাপন করা হয়েছে। এই ভার্চুয়াল ব্রাউজারে স্পর্শের মাধ্যমে উপস্থাপক আমাদের নিয়ে গেছেন এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে, যেন একটি ভার্চুয়াল টাচ স্ক্রিন। কীভাবে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়, কী করে ই-মেইল পাঠাতে হয়, ইন্টারনেটে কীভাবে খবরের কাগজ পড়া যায়—এসব বিষয় এই তথ্যচিত্রে সহজ করে তুলে ধরা হয়েছে। এই তথ্যচিত্রে কিছু তরুণ শিক্ষার্থী তাদের জীবনে ইন্টারনেটের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে। ইন্টারনেট উৎসবের মতো একটি আয়োজনে গ্রামীণফোন ও প্রথম আলোর সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। —ম্যাভেরিক টিম, ওয়েবসাইট: www.maverickbd.com