পাকিস্তানি হ্যাকারদের হাতে 'গুগল মালয়েশিয়া' পেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাকারদের হাতে ‘গুগল মালয়েশিয়া’ পেজ
হ্যাকারদের হাতে ‘গুগল মালয়েশিয়া’ পেজ

হ্যাকারদের আক্রমণে বন্ধ হয়ে রয়েছে গুগল মালয়েশিয়া হোমপেজ। বর্তমানে এ সাইটটিতে গেলে একটি কালো ব্যানারে হ্যাকার দলের বক্তব্য দেখা যাচ্ছে। সাইটটি হ্যাক করার দাবি করেছে ‘টিম ম্যাডলিটস’ নামে পাকিস্তানের হ্যাকারদের একটি দল।
‘গুগল ডটকম ডট মাই’ সাইটটিতে লেখা রয়েছে, ‘গুগল মালয়েশিয়া স্টাম্পড বাই পাকিস্তানি লিটস’। এ ছাড়া ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানটিও লিখেছে হ্যাকার দলটি।
পাকিস্তানি হ্যাকার দলটির পক্ষ থেকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চকে জানানো হয়েছে, গুগল মালয়েশিয়া সাইটে আক্রমণের জন্য রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। বরং গুগলের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি দেখাতে এ আক্রমণ করা হয়েছে।
হ্যাকিং-বিষয়ক ওয়েবসাইট ‘দ্য হ্যাকার পোস্ট’ জানিয়েছে, পাকিস্তানি লিট হ্যাকার দলের এ আক্রমণটি ডোমেইন নেম সিস্টেম বা ‘ডিএনএস’ হ্যাকিংয়ের সর্বশেষ ঘটনা। গত জুলাই মাসেও গুগল মালয়েশিয়া সাইট ডিএনএস আক্রমণের শিকার হয়েছিল।
গুগল কর্তৃপক্ষ সাইটের ডোমেইন নেম সিস্টেম হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মালয়েশিয়া ডোমেইন নাম নিবন্ধন বিষয়টি নিয়ে সমস্যা রয়েছে, যা দ্রুত ঠিক করা হবে। মালয়েশিয়া যে ওয়েব হোস্টিং কোম্পানি গুগল মালয়েশিয়ার নাম রেজিস্ট্রেশন করেছে, বিষয়টি তারা দেখছে। বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে বলে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে।