পাকিস্তানে ব্যবসা গোটাচ্ছে ব্ল্যাকবেরি

পাকিস্তানের ব্যবসা গোটাচ্ছে মোবাইল ও সফটওয়্যার নির্মাতা ব্ল্যাকবেরি। সরকারি নজরদারির চাপে দেশটি থেকে পুরো ব্যবসা গুটিয়ে নিচ্ছে কানাডার প্রতিষ্ঠানটি। ৩০ ডিসেম্বরের পর পাকিস্তানে আর কোনো কার্যক্রম চালাবে না ব্ল্যাকবেরি।
ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান সরকার ব্ল্যাকবেরির এন্টারপ্রাইজ সেবাগুলোর ওপর নজরদারি করতে দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
আজ সোমবার ব্ল্যাকবেরির প্রধান পরিচালন কর্মকর্তা মার্টি বেয়ার্ড এক ব্লগ পোস্টে লিখেছেন, পাকিস্তান সরকার দেশটিতে ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সেবাগ্রহীতাদের ওপর নজরদারির ক্ষমতা চায়। এর মধ্যে প্রতিটি ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস মেইল, ব্ল্যাকবেরি মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো বার্তার মতো বিষয়ও রয়েছে। কিন্তু ব্ল্যাকবেরি গোপনে ‘পেছনের দরজা’ দিয়ে গ্রাহকের কোনো তথ্য তুলে দেয় না এবং বিশ্বের কোথাও এ ধরনের ঘটনা ঘটায়নি।
বেয়ার্ড বলেন, ‘পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বিইএস সার্ভারে ঢোকার পাশাপাশি গ্রাহকদের যোগাযোগের বিষয়টিও নজরদারি করতে চায়। তাই পুরো ব৵ বসা গুটিয়ে চলে যাওয়া ছাড়া পথ খোলা নেই।’
পাকিস্তানের মতো ভারতেও নজরদারির ক্ষমতা দেওয়ার জন্য চাপে আছে ব্ল্যাকবেরি।