পাকিস্তানে ‘হালাল’ ফেসবুক
পাকিস্তানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ‘হালাল’ সংস্করণ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি পাকিস্তান কর্তৃপক্ষ এই হালাল সংস্করণ চালু করে। আপত্তিকর বিষয়বস্তু থাকায় পাকিস্তান সরকার গত মাসে সাময়িকভাবে ফেসবুক বন্ধ করে দেয়; এরপর গত ৩১ মে ফেসবুক আবার চালু করে। এর কিছুদিন পর দেশটিতে ফেসবুকের হালাল সংস্করণ চালু করা হয়। নতুন সংস্করণের ঠিকানা হচ্ছে মিল্লাতফেসবুক ডট কম। গত রোববার পর্যন্ত নতুন সংস্করণের ফেসবুকে তিন লাখ ৩৩ হাজার মানুষ অ্যাকাউন্ট খুলেছেন। মিল্লাতফেসবুককে সংক্ষেপে এমএফবি বলা হচ্ছে। এমএফবির প্রতিষ্ঠাতারা বলেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি এই নতুন সংস্করণের ফেসবুককে আমরা আরও উন্নত করার চেষ্টা করছি, যাতে এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমরা চাই ফেসবুকে কেউ কোনো ধর্মকে অবমাননা করবে না, কেউ কাউকে অপমান বা হেয় করবে না বা কোনো আপত্তিকর বিষয়বস্তু বা ছবি রাখবে না।’ তাঁরা আরও বলেন, ‘মিল্লাতফেসবুক পাকিস্তানের একেবারে নিজস্ব ও প্রথম সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক। মুসলমানদের জন্য তৈরি হলেও এখানে অন্য ধর্মের লোকদের স্বাগত জানানো হবে। আসল ফেসবুকের মতো এখানকার প্রত্যেক সদস্যের ‘ওয়াল’ রয়েছে। এতে ই-মেইল পাঠানো, ছবি, ভিডিও পোস্ট করা ও চ্যাট করার সুবিধাও রয়েছে।’ —পিটিআই অবলম্বনে রোকেয়া রহমান