
সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়া না-দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি বিবিসিকে সাক্ষাৎকার দেন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা হাকিমুল্লাহ মেহসুদ। সেই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ:
বিবিসি: সম্প্রতি পাকিস্তানে জনাকীর্ণ বিভিন্ন স্থানে বোমা হামলার জন্য টিটিপিকে দায়ী করা হচ্ছে। এ ব্যাপারে কী বলবেন?
মেহসুদ: টিটিপি বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আদর্শভিত্তিক সংগঠন। মুসলিম সম্প্রদায়, ইসলামি চিন্তাবিদ, মসজিদ ও মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করাকে আমরা পবিত্র দায়িত্ব বলে মনে করি। সম্প্রতি পরিচালিত হামলাগুলো গোয়েন্দা সংস্থাগুলোরই কাজ। জনগণের মন টিটিপির প্রতি বিষিয়ে তোলার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করা হয়েছে। দ্বিতীয়ত, যারা নাস্তিক তারা যুক্তরাষ্ট্রের বন্ধু। আমরা নাস্তিক ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাব।
বিবিসি: সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আপনাদের অবস্থান কী? আলোচনার বিষয়টি এখন কোন পর্যায়ে আছে?
মেহসুদ: আমরা সত্যিকারের আলোচনায় বিশ্বাস করি। কিন্তু সরকার এখনো আমাদের সঙ্গে আলোচনার কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের উচিত আমাদের সঙ্গে বসা। তখন আমরা আমাদের শর্তগুলো তুলে ধরব। বিবিসি: শান্তি আলোচনার বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু হওয়ার পর কিছু আলেম সরকার ও টিটিপিকে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কী ভাবছেন?
মেহসুদ: আলেমদের আমরা সম্মানিত অগ্রজ নেতা বলে মানি। অনেক সময় আমরা সরকারের চেয়ে তাঁদের আহ্বানে সাড়া দিই। কিন্তু অস্ত্রবিরতি বিশ্বাসযোগ্য হতে হবে। এটাও গুরুত্বপূর্ণ যে, পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলা বন্ধ হতে হবে।
বিবিসি: এর আগের সরকারের সঙ্গে তালেবানের গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি হয়েছিল। কিন্তু সেগুলোর অনেক শর্তই বাস্তবায়িত হয়নি। অভিযোগ রয়েছে, চুক্তিগুলো ব্যর্থ হওয়ার জন্য তালেবান দায়ী। এটা কি ঠিক?
মেহসুদ: আমরা এটা স্পষ্টভাবে জানি, পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের চাপে পড়ে আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে বোমা মেরে নির্দোষ জনগণকে হত্যা করছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডলার পাওয়ার জন্য সরকার এ কাজ করছে। সরকারের জন্যই চুক্তিগুলো ব্যর্থ হয়েছে। পাকিস্তান সরকারের সমর্থনেই যুক্তরাষ্ট্র এ দেশের মাটিতে ড্রোন হামলাগুলো চালাচ্ছে।
ভাষান্তর: মাহফুজার রহমান