পাখির সখা জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন মুখরিত অতিথি পাখির কলকাকলিতে। ছবি: কবীর শাহরিয়ার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন মুখরিত অতিথি পাখির কলকাকলিতে। ছবি: কবীর শাহরিয়ার

ভোরে ঘড়ির অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙেছিল পাখির কিচিরমিচির শব্দে। আর সেই কিচিরমিচির শব্দে আমাদের আট সদস্যের দলের ফয়সাল আজিমের চোখমুখে রাজ্যের শঙ্কা—পাছে সব পাখি চলে যায়! একই শঙ্কায় বিছানা ছাড়ে ঘুমকাতুরে ফজলে রাব্বি আর বিবর্ধন রায়ও। রুম থেকে বের হতে হতেই আমাদের হোস্ট বাংলা সাহিত্যের শিক্ষার্থী রুবেল প্রধান জানাচ্ছিলেন তাঁর কাব্যিক অনুভূতি, ‘শীতকালে ঘুম ভাঙে খুব সকালে, নাম না-জানা অসংখ্য পাখির কলকাকলিতে। ঘুম ভাঙার পর জানালা খুলে পাশের লেকটার দিকে তাকাই। গাঢ় কুয়াশায় হালকাভাবে চোখে পড়ে লাল শাপলা আর শাপলার পাতার ওপর নানা রঙের অতিথি পাখি। যতবার দেখি ততবারই আমি মুগ্ধ হই।’ বলছিলাম ১ জানুয়ারি সকালের কথা। ৩১ ডিসেম্বর আমরা অতিথি পাখি দেখতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিধিবাম, ক্যাম্পাসে পৌঁছাতেই হয়ে যায় গভীর রাত। আল বেরুনী হলের বর্ধিতাংশে আমাদের ঠাঁই হয়েছিল সেই রাত কাটানোর জন্য। কিন্তু লেকঘেঁষা এই হল থেকে এমন নির্মল দিন শুরু হবে তা কি রাতে ঠাওর করতে পেরেছিলাম!

আল বেরুনী হল থেকে ফজিলাতুন্নেসা হলের পাশঘেঁষা পথটা ধরে আমরা হেঁটে চলি ‘ট্রান্সপোর্ট চত্বর’-এর দিকে। ক্যাম্পাসের চারদিকে তখন পাখিদের কলরব উঠেছে। ঝাঁকে ঝাঁকে পাখি শব্দ করতে করতে উড়ে যাচ্ছে এক লেক থেকে অন্য লেকে। পাখিদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা কোনো উৎসব মেতেছে।

বিশ্ববিদ্যালয় বন্ধ, তবু সেই সাতসকালে অনেকে বেরিয়েছেন হাঁটতে। কথা হয় এমনি একজন প্রাতর্ভ্রমণকারী অর্থনীতি বিভাগের জহুরা সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে ভোরে বেরিয়ে পড়ি হাঁটতে। কিন্তু পুরো শীতকালে নিয়মিতই বের হই। এই নিয়মিত বেরোনোর মূল কারণ শীতকালে ক্যাম্পাসের স্বর্গীয় পরিবেশ। আমাদের ক্যাম্পাসে শীতের সঙ্গে সঙ্গে বাড়ে অতিথি পাখির আগমন। এখানে আমাদের দিন শুরু হয় পাখির কলকাকলিতে। মানুষের ঘুম ভাঙার অনেক আগেই যেন পাখিগুলোর কর্মব্যস্ততা শুরু হয়ে যায়।’

অন্য রকম ভালো লাগার কথা শোনান দর্শন বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার, ‘তীব্র শীতে জড়সড় হয়ে আমরা যখন ক্লাসের দিকে যাই, তখন রাস্তার পাশের লেকগুলোর দিকে তাকালে দেখা যায় কর্মব্যস্ত অসংখ্য পাখি। কেউ খাবার খুঁজতে ব্যস্ত, কেউ পানিতে সাঁতার কাটছে, কেউ চুপচাপ শাপলা পাতার ওপর দাঁড়িয়ে আছে। এ এক অন্য রকম মুগ্ধতা।’

চোখের নিমেষে মাছরাঙা পাখিটির শিকার হলো একটি নিরীহ মাছ! মাছরাঙা পাখিটার দুরন্তপনার ছবি তুলতে ব্যস্ত আলোকচিত্রী কবীর শাহরিয়ার। আর আমাদের দৃষ্টি আটকে ঝাঁক ঝাঁক পাখির দিকে। অনেক সময় পাখির নাম নিয়ে বিতর্ক বেধে যায় নিজেদের মধ্যে। আমরা ঘুরতে থাকি লেকের পাড় ধরে। হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় আমাদের মতোই ঢাকা থেকে আসা দর্শনার্থী হারুন-অর-রশীদের সঙ্গে। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর আমার ক্যাম্পাস। শিক্ষাজীবনের বর্ণিল দিনগুলো কাটিয়েছি এখানেই। সকালে সবচেয়ে বেশি পাখি দেখা যায়, তাই খুব ভোরে চলে এসেছি পরিবার নিয়ে। আমাদের ভাগ্য সুপ্রসন্ন বলা যায়। আজ কুয়াশা অনেক কম, দূরের পাখিও খুব ভালো বোঝা যাচ্ছে।’

দূরদেশের পাখিগুলোর কেমন আপন মনে বিচরণ লেকগুলোতে। অতিথি পাখির নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শিক্ষার্থী সবাই সচেতন ভূমিকা পালন করেন। সেই কথাই বলছিলেন দর্শন বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া রুকনুজ্জামান রিপন, ‘অতিথি পাখি আমাদের ক্যাম্পাসের অমূল্য সম্পদ। অনেক দূরের দেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি শীতের সময় এখানে আসে আশ্রয়ের খোঁজে। এদের রক্ষার দায়িত্বও তাই আমাদের। অতিথি পাখি দেখতে সংরক্ষিত এলাকায় চলাচল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নিয়মগুলো নির্ধারণ করে দিয়েছে, তা আমাদের মানা উচিত, যাতে ক্যাম্পাসে অতিথি পাখির বিচরণ বিঘ্নিত না হয়।’ রিপনের কথায় সুর মেলান নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আঁখি কবির, ‘আমাদের ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ আর এই শীতকালে আসা এসব অতিথি পাখি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের অংশ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব বিষয় নিয়ে বাইরে গর্ব করি, এটি তার একটি।’

অতিথি পাখি নিয়ে আবেগ আর নিয়মের কথা শুনতে শুনতে আমরা হেঁটে চলি বটতলার দিকে, ভাপ ওঠা গরম ভাতের সঙ্গে রকমারি ভর্তার স্বাদ নিতে। আর লেকের পাড়ে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। পাখিগুলো কর্মব্যস্ততার পাখা মেলে। সেই ওড়াউড়ি ক্যামেরাবন্দী করতে ব্যস্ত তখন শখের আলোকচিত্রীরা।