পাঞ্জাবিতে সারা দিন: শতাব্দী ওয়াদুদ

অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ বেড়ে উঠেছেন গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে। ঈদের দিন এবারও বাবা আর ভাইদের সঙ্গে নামাজ পড়তে যাবেন সেখানকার জামে মসজিদে। শতাব্দীর ঈদের পোশাক মানেই পাঞ্জাবি। ‘এবার আমি ও আমার ছেলে একই রকম পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাব।’ বললেন তিনি। তাঁর পছন্দের রং নীল আর কালো। ঈদে সুতি বা গরদের পাঞ্জাবি পরবেন। পায়ে পরবেন কোলাপুরি চটি। হাতে থাকবে ঘড়ি আর প্লাটিনামের একটি ব্রেসলেট। গলায় চেইন পরবেন, তবে বেশি গরম পড়লে সেটা বাদ যেতে পারে। চুলটা একটু লম্বাই রাখবেন। নামাজের পর বাড়ি ফিরে মায়ের হাতের খিচুড়ি আর গরুর মাংস ভুনা খাবেন। এ ছাড়া সেমাই তো থাকছেই। এরপর সময়টা কাটবে স্ত্রী আর সন্তানের সঙ্গে। দুুপুরে যাবেন শ্বশুরবাড়ি।
বিকেলে বাসায় আত্মীয়স্বজনেরা আসবেন। তাঁদের আপ্যায়ন শেষে বেরিয়ে পড়বেন বাইরে। তিনি বললেন, ‘রিকশা নিয়ে রাস্তায় সাধারণ মানুষের ঈদ উদ্যাপন দেখতে আমার খুব ভালো লাগে। ঈদের আগেই ঠিক করা হবে রাতে কোন বন্ধুর বাসায় আড্ডা হবে। সেখানে পৌঁছে দেদার চলবে আড্ডা। অনেক খুনসুটি।’