
আজিজ সাহেবের মাথায় কদিন ধরেই একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তিনি তাঁর বসকে একটা শিক্ষা দিয়ে ছাড়বেন। তাঁর চাকরি থাকুক আর না-ই থাকুক। যদিও এই বাজারে চাকরি হারানো একটা কঠিন ব্যাপার, তারপরও তাঁর রোখ চেপে গেছে বস ব্যাটাকে একটা শিক্ষা দিতে হবে। অবশ্য আজিজ সাহেবের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা কারণ আছে। এই অফিসে তিনি বারো বছর ধরে কাজ করছেন। এক পয়সাও বেতন বাড়েনি। তো একদিন তিনি তাঁর বসকে ধরলেন।
: স্যার, একটু কথা বলতাম।
: বলুন।
: স্যার, আপনার অফিসে বারো বছর ধরে চাকরি করছি, মাথার চুল সব পেকে সাদা হয়ে গেছে, অথচ...
: অথচ?
: আপনি আমার বেতন বাড়াননি এক পয়সাও!
বস কফি খাচ্ছিলেন। কফিতে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, ‘ঠিক আছে, আগামী মাস থেকে আপনার বেতন ৫০ টাকা বাড়ানো হবে...’
‘৫০ টাকা?’ আজিজ সাহেবের চোয়াল ঝুলে থুতনিটা প্রায় বুকে এসে ঠেকে যেন, ‘কী ক্কী...বলছেন, স্যার?’
: কেন, ভুল কী বলেছি? ৫০ টাকায় সবচেয়ে ভালো চুলের কলপ পাওয়া যায়। এই চান্সে সাদা চুল সব কালো করে ফেলুন।
এ ঘটনার পর থেকেই আজিজ সাহেবের মাথায় চিন্তাটা ঘাই মারতে থাকে উঠতে-বসতে। এই শালার বসকে শায়েস্তা করতে না পারলে তাঁর শান্তি নাই; চাকরি থাকুক কি না থাকুক। বহু চিন্তাভাবনা করে আবার একদিন আজিজ সাহেব বসের রুমে গিয়ে হাজির হলেন।
: স্যার, একটু কথা বলতাম।
: বলুন।
: আমার বেতন ১৪ হাজার ৫০০ টাকা।
: হ্যাঁ, তা-ই তো...! তবে একটা কথা বলি, দয়া করে বেতন বাড়াতে বলবেন না, তারপর যা বলার বলুন।
: না না, বেতন বাড়ানোর কথা বলার জন্য আসিনি। বরং বেতন কমানোর আরজি নিয়ে এসেছি।
: মানে?
: মানে স্যার, দয়া করে আগামী মাস থেকে আমাকে ১৪ হাজার টাকাই দিয়েন।
: ৫০০ টাকা কম দেব?
: জি, স্যার।
: কেন?
: কেন স্যার, বুঝলেন না, বাজার এখন ৫০০ টাকার জাল নোটে ছেয়ে গেছে। এটা এখন হাই রিস্ক। আপনি হয়তো ১৪ হাজার ৫০০ টাকার চেক দিলেন, ব্যাংকে চেক ভাঙাতে গিয়ে দেখলাম ওই ৫০০ টাকাই জাল! আর জানেন তো জাল নোট যার কাছে পাওয়া যাবে, পুলিশ তাকেই গ্রেপ্তার করবে, এমনটাই নিয়ম। তাই স্যার বলছিলাম, ৫০০ টাকা কম দিয়েন আমাকে। আমি কোনো রিস্ক নিতে চাইছি না। স্যার আসি, স্লামালিকুম।
আজিজ সাহেবের বস অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই বেকুব কী বলে! তাঁর সন্দেহ হলো। এটা কোনো ট্রিকস না তো? এই আজিজ পুরোনো লোক, কাজে-কামে ভালো। ৫০ টাকা বেতন বাড়ানোর কথা বলায় মনে হয় খেপেছে। নতুন কোনো ফন্দি-ফিকির...বস তাঁর বিশ্বস্ত সেক্রেটারিকে কল করলেন। সম্পর্কে শালা হয় এই কর্মচারী। এই প্রাইভেট প্রতিষ্ঠানের গোপন খবরাখবর সব সে-ই তাঁকে সরবরাহ করে।
: দুলাভাই, ডেকেছেন?
: কতবার বলেছি, অফিসে দুলাভাই ডাকবে না!
: সরি, বস...বলুন।
: বসও না!
: সরি, স্যার!
: আচ্ছা শোনো, আজিজ সাহেবের ব্যাপারটা কী বলো তো? আমাকে তাঁর বেতন কমাতে বলছেন!
: বলেন কী স্যার! এটা তো ব্যাড সিমটম...ডাল মে কুচ কালা হ্যায়!
: কালা হ্যায় না ধলা হ্যায়, সেটাই খুঁজে বের করতে বলছি তোমাকে!
: জি স্যার, দাঁড়ান, আজই বের করে ফেলব। এমন টোপ ফেলব গলা দিয়ে নেমে পাকস্থলীতে অ্যাঙ্কর করবে!
অফিস শেষে আজিজ সাহেব টেবিল গোছাচ্ছেন। এ সময় মকবুল হোসেন এসে হাজির। এই লোক বসের খাস লোক, মহা ধড়িবাজ। সবাই সন্দেহ করে, এই লোক বসের শালা-টালা কেউ হবে।
: আজিজ ভাই।
: বলেন।
: চলেন, আজ আপনাকে খাওয়াব।
‘কেন হঠাৎ?’ ভেতরে ভেতরে সতর্ক হয়ে যান আজিজ সাহেব। তাঁর প্ল্যান কি ফাঁস হয়ে গেল!
: আরে, একই অফিসে কাজ করি, নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক না থাকলে কি হয়? শুধু অফিসের চার দেয়ালের মধ্যে...ইত্যাদি ইত্যাদি অনেক লেকচার দিল বসের শালা। শেষমেশ আজিজ সাহেব গেলেন তাঁর সঙ্গে। ভাবলেন, দেখি, বসের শালার মনে কী আছে!
পরদিন বস ডেকে পাঠালেন আজিজ সাহেবকে।
: আচ্ছা কাল থেকে আমার সেক্রেটারিকে ফোনে পাচ্ছি না। আজ অফিসেও আসেনি, আপনি কিছু জানেন? শুনলাম, কাল আপনারা একসঙ্গে অফিস থেকে বের হয়েছিলেন। আমার তো চিন্তা হচ্ছে!
: চিন্তা হওয়ারই কথা, স্যার! জাল নোটের ব্যাপারে এখন সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে শুনেছি!
: এর মধ্যে জাল নোটের ব্যাপার এল কেন?
: স্যার, কাল উনি আমাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন একটা রেস্টুরেন্টে। বিল দেওয়ার সময় যে দুটি ৫০০ টাকার নোট বের করলেন, দুটিই জাল ছিল! আর সে সময় আবার পুলিশ খাবারদাবারের মান পরীক্ষা করতে ওই রেস্টুরেন্টে রেইড দিল! ব্যস, দুইয়ে দুইয়ে চার হয়ে উনি যাকে বলে একবারে কট রেড-হ্যান্ডেড!
: কী বলছেন?
: এ জন্যই তো বলেছিলাম স্যার, আমার বেতন ৫০০ টাকা কম দিয়েন...!
বসের মনে হলো, আজিজ লোকটার সঙ্গে বেতন বাড়ানো নিয়ে রসিকতা করেছিলেন...ইট ছুড়ে তিনি কি পাটকেলটি খেলেন? আর আজিজ সাহেবের মনে হলো, বসকে সাইজ করতে যে পাটকেলটি রেডি করেছিলেন, তার বোধহয় আর দরকার নেই!
তবে পরের মাসে আজিজ সাহেবের বেতন হলো ১৫ হাজার টাকা! চেক ভাঙাতে গেলে ৫০০ টাকার কোনো কারবার নেই। সব এক হাজার টাকার নোট।