পাটগাতীর তথ্যকেন্দ্র জনগণের কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন তথ্যকেন্দ্র (ইনফরমেশন সেন্টার) জনগণের কোনো কাজে আসছে না। এলাকার মানুষ জানেও না ইউনিয়ন পরিষদ থেকে যে এ ধরনের সেবা পাওয়া যায়। এই তথ্যকেন্দ্রের ল্যাপটপ কম্পিউটার ও ডিজিটাল ক্যামেরা থাকে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত যুবকের কম্পিউটারের দোকানে। মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে ইউনিয়ন পরিষদ সচিবের আলমারিতে। ওই কক্ষেই আছে জেনারেটর। আর ইউনিয়ন ইনফরমেশন সেন্টার যে কক্ষে, সেটি তালাবন্ধ। তবে সৌরবিদ্যুতের উৎস সোলার প্যানেলটি ঠিকঠাক ছাদের ওপরে আছে বলে জানা গেল। তবে ছাদের দরজার চাবি পাওয়া গেল না। তাই দেখাও গেল না। এ অবস্থা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদ ইনফরমেশন সেন্টারের। এই কেন্দ্র উদ্বোধনের মাধ্যমেই প্রধানমন্ত্রীর সারা দেশে ইউনিয়ন পর্যায়ের তথ্যকেন্দ্র চালু করার কথা ছিল। নানা কারণে তা কয়েক দফা পিছিয়েছে। গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার ও পাটগাতী বাজার থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে পাটগাতী ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় একটি কক্ষে গত বছরের মার্চ মাসে একটি প্রকল্পের আওতায় এই তথ্যকেন্দ্রের জন্য জিনিসপত্র সরবরাহ করা হয়। তবে পাটগাতী ইউনিয়নের অনেকে এই তথ্যকেন্দ্রের খবর জানেন না। পাটগাতীর বাসিন্দা আছাদুর রহমান (৩২) ও গাইছুল হক (৫১) বলেন, ‘এখানে কোনো তথ্যকেন্দ্র আছে বলে জানি না। আপনার কাছে প্রথম শুনলাম।’ মাহমুদ বিশ্বাস (৩৪) বলেন, ‘এই রকম কী একটা আছে শুনেছি। কিন্তু কোনো কাজ হয় না।’ সম্প্রতি পাটগাতী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, তথ্যকেন্দ্রের জন্য বরাদ্দ কক্ষটি বন্ধ। ইউনিয়ন পরিষদ সচিব শশীভূষণ মল্লিক জানালেন, দিনের পর দিন এভাবে কক্ষটি বন্ধ থাকে। তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা মইনুল ইসলাম তখন ছিলেন না। তাঁকে ফোন করার হলে প্রায় এক ঘণ্টা পর একটি ল্যাপটপ নিয়ে তিনি কেন্দ্রে আসেন।মইনুল ইসলাম জানালেন, ‘কোনো পরিদর্শক আসার খবর পেয়ে পাটগাতী বাজারে কম্পিউটার মেরামতের দোকান ফেলে ছুটে আসতে হয়। পাটগাতী বাজার থেকে এখানে মানুষ আসে না। প্রথমে নিজের গাঁটের টাকা খরচ করে ব্যানার লিখেছি। কিন্তু মানুষ এসব বোঝে না। মানুষজন এখানে আসার চেয়ে বাজারের দোকানগুলোতে যেতে বেশি পছন্দ করে। কেউ না আসায় আমিও এখানে খুব একটা আসি না।’ নিজের দোকানে বসেই তথ্যকেন্দ্রের সেবা দিচ্ছেন বলে দাবি করে মইনুল বলেন, ‘আগের ইউনিয়ন পরিষদ ভবনে তথ্যকেন্দ্রটি স্থাপন করা হলে মানুষেরও সমাগম হবে, আমিও সময় দিতে পারব।’ শশীভূষণ মল্লিক বলেন, ‘পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ। তা ছাড়া বর্তমান ইউনিয়ন পরিষদ ভবনে সব সময় কম-বেশি মানুষ আসে। এখানে মানুষ ও কাজের চাপ এতই বেশি যে শুক্রবারও রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কাজ করার ইচ্ছা থাকলে কোনো কিছুই বাধা নয়। তা ছাড়া নতুন কিছু চালু করলে প্রথম থেকেই লোক আসবে না।’এ ব্যাপারে পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন মোল্লা বলেন, ‘এ কেন্দ্রে তথ্যসেবা নেওয়ার জন্য লোক আসে না।মইনুল তার দোকানে বসেই তথ্যকেন্দ্রের সেবা দিচ্ছে।’—সুব্রত সাহা, গোপালগঞ্জ