পাঠক রস
মেসে বসে যেভাবে বুঝি শীত পড়ছে...
l কদিন ধরে এক বড় ভাইয়ের গলায় মাফলার ঝুলতে দেখছি। পরনে অবশ্য টি-শার্টই থাকছে।
l আরেক বড় ভাই গত বছরের কিছু ময়লা শীতের কাপড় ধোয়ার প্রস্তুতি নিচ্ছেন।
l মহসিন ভাই এমনিতে রাতে খালি গায়ে ঘুমান। ইদানীং তাঁকে গেঞ্জি পরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
l সেলিম রেজাকে হিটারে পানি গরম করে খেতে দেখা যাচ্ছে।
l সামিউল তার বিছানার নিচ থেকে ইঁদুর-কাটা লেপটা বের করেছে। কদিনের মধ্যেই নাকি ঠিক করতে নিয়ে যাবে।
l মেস ম্যানেজার রাজু ভাই সপ্তাহের তিন দিন খিচুড়ি বরাদ্দ রাখছেন।
l সোহেল ভাইকে হকারপট্টির পুরোনো কাপড়ের দোকানগুলোর ওদিকে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে।
l সাইফুল ভাই রাতবিরাতে বাইরে যাচ্ছেন গরম চা খাওয়ার জন্য।
l আর আমি টানা তিন দিন গোসল করিনি।
আব্দুস সোবহান

একটি ওজন মাপার যন্ত্রের আত্মকাহিনি
আমার জন্ম কোন দেশের কোন কারখানায়, সেটা সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা নেই। বডি লাগানোর পর থেকে (আপনারা যাকে বলেন জ্ঞান হওয়ার পর থেকে) নিজেকে অন্য জ্ঞাতি ভাইদের সঙ্গে স্টেশনারি স্টোরে নিজেকে আবিষ্কার করেছি। সেখানে অত্যন্ত একঘেয়ে দিন কাটছিল। এরপর একদিন আমার বাক্স খোলা হলো (আপনাদের ভাষায় কপাল খুলল)। এক লোক এল দশ জ্ঞাতি ভাইসহ আমাকে কিনে নিতে। এরপর আমরা একটা হলুদ পিকআপ ভ্যানে করে আমাদের নতুন ঠিকানায় রওনা হলাম।
নতুন জায়গায় পৌঁছানোর পর আমাদের গাড়ি থেকে নামিয়ে মেঝেতে রাখা হলো। যখন বুঝতে পারলাম, আমাদের এখন আলাদা করে নানান জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, তখন একজন আরেকজনকে উদ্দেশ করে শেষবারের মতো ইনডিকেটরের কাঁটাটা খুব সূক্ষ্মভাবে নেড়ে দিলাম। সূক্ষ্ম মানে আসলেই সূক্ষ্ম, মানুষের চর্মচক্ষে তা কিছুতেই ধরা পড়বে না। এরপর যথারীতি আমরা আলাদা হয়ে গেলাম।
আমাকে যে কক্ষে নিয়ে যাওয়া হলো, সেখানে অনেক যন্ত্রপাতি দেখতে পেলাম। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম, সেটা আসলে একটা অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার হলেও সকালবেলার দিকে অনেক ভিড় থাকে। ডাক্তার, ইন্টার্নি, অ্যাপ্রোন পরিহিত একগাদা ছাত্রছাত্রী, সিস্টার, ব্রাদার—সবাই মিলে এক বিশাল অবস্থা!
মেডিকেল-পড়ুয়া আপু-ভাইয়ারাই আমার সবচেয়ে বেশি কাছে থাকেন। তাঁরা যখন আমার ইন্ডিকেটরকে ‘শূন্য’ দাদার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে দেখেন, তখন তাঁদের বেশির ভাগই নিজেদের আর সামলাতে পারেন না। রোগীদের ধরে আমাদের ওপর দাঁড় করিয়ে দেন। স্বাস্থ্য সম্পর্কে ভয়াবহ অসচেতন ব্যক্তিরা তাঁদের বিশাল বপু নিয়ে আমার ছোট্ট দেহের ওপর চেপে বসেন। এক-দুজন হলে তাও কথা ছিল, কিন্তু একজনের দেখাদেখি পর্যায়ক্রমে সবাইকে রিডিং দিতে বাধ্য হই আমি। সবাই অনেক উৎসাহ নিয়ে আমার ওপর দাঁড়িয়ে রিডিং দেখে, ৭০/৮০/৯০ কেজি রিডিং দেখেই তাঁদের বেশির ভাগের মুখ কালো হয়ে যায়। তখন আমার একধরনের পৈশাচিক আনন্দ হয়। হবেই না বা কেন, বলুন? আমি মানুষ না হতে পারি, কিন্তু এত চাপাচাপি আর কাঁহাতক সহ্য হয়? সহ্য না হলেও উপায় নেই, শুক্রবার ছাড়া প্রায় প্রতিদিনই চলে এই অত্যাচার! তবে সত্যি কথা বলতে, আমি হয়তো আপু-ভাইয়াদের সন্তুষ্ট করতে পারি না, কিন্তু আমি রিডিং দেওয়ার পর যেসব রোগীর অপারেশন হয়, তাঁদের সুস্থ হয়ে বাড়ি যেতে দেখলে নিজেকে কিছুটা হলেও সার্থক মনে হয়। প্রতিদিনের কাজের ‘চাপের’ মাঝে এটাই আমার একমাত্র তৃপ্তি।
আহমাদ জাদীদ
আক্কেল সেলামি
প্রতিদিন বিকেলে টিউশনিতে যাই। বিকেলে যাওয়ার অন্য একটা উদ্দেশ্যও আছে। বিকেলে গেলে নাশতা দেওয়া হয়, ফলে সন্ধ্যায় কিছু টাকা বেঁচে যায়! সেদিন কোনো এক কারণে দুপুরের খাবার খেয়েই টিউশনিতে যেতে হয়েছিল। ছাত্রের মা যথারীতি সেদিনও নাশতা দিলেন। ভাবলাম, একটু আগেই খেয়ে এসেছি, নাশতাটা যাওয়ার আগে খেলেই হবে। নাশতাটা ঢেকে রেখে চা খেতে খেতে ছাত্রকে পড়াতে লাগলাম।
মাঝপথে ছাত্রের মায়ের আগমন। কিছু একটা খুঁজতে এসেছেন। কাজ সেরে বের হওয়ার সময় তাঁর চোখ পড়ল ঢেকে রাখা নাশতার ওপর। হয়তো ভাবলেন, আমি আজ নাশতা খাব না। তাই ‘ও নাশতা খাবা না?’ বলে ট্রে-টা নিয়ে গেলেন! আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম...
মো. শাহীন