পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

 ২০১০ সালে আমার স্বামী তাঁর এক অধীনস্থ কর্মচারীকে বিয়ে করেন। তখন আমাদের দাম্পত্যজীবনের বয়স প্রায় ৩০ বছর। বিয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে যান। তিনি আমার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং বিভিন্ন সময়ে তালাকের হুমকি দেন। আমার আর্থিক অবস্থা ভালো নয় বলে আমার স্বামী বুঝে নিয়েছেন যে আমি তাঁকে কোনো শাস্তি দিতে পারব না। তিনি আমার খরচ বহন তো দূরে থাক, আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখেন না। সন্তানদেরও খোঁজ নেন না ঠিকভাবে। এ অবস্থায় আমার স্বামীর সঙ্গে কি আমার এখনো সম্পর্ক আছে বলে মনে করেন? আমি এখন কী ব্যবস্থা নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
আদাবর, ঢাকা

 প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি এক বছরের জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে। ইসলামি শরীয়া মোতাবেক আপনি এখনো তাঁর স্ত্রী। আপনার ও সন্তানদের ভরণপোষণের জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারেন এবং সে ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি আইন সহায়তাকেন্দ্র আপনাকে বিনা খরচে মামলা করার সুবিধা দিতে পারে।

 আমরা দুই বোন, ভাই নেই। মা-বাবা বেঁচে আছেন। আমার দুই চাচা এবং পাঁচ ফুফু সবাই বেঁচে আছেন। দাদা-দাদি মারা গেছেন। দুই চাচা আমার বাবার সব সম্পত্তি দখল করতে চান। তাঁরা বলেন, আমার বাবার ছেলে নেই, তাই তাঁরা আমার বাবার মৃত্যুর পর সব স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হবেন। আমি জানতে চাই, বাবার মৃত্যুর পর তাঁর সব সম্পত্তির মালিক কারা হবে? কে কত অংশ করে পাবে? ইসলামের রীতি অনুযায়ী সমাধান চাই।

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 বাবার উত্তরাধিকারী হিসেবে আপনার মা আপনার বাবার সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ পাবেন। বাকি সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ আপনারা দুই বোন পাবেন। বাকি ১ ভাগ সম্পত্তি আপনার বাবার ভাইবোনেরা পাবেন। এ ক্ষেত্রে ভাইয়েরা বোনের দ্বিগুণ হিসেবে সম্পত্তি পাবেন।

 আমাদের কোনো সন্তান নেই। বিয়ে করেছি ১৯৯১ সালে। পরে অনেক ভেবেচিন্তে একটি নবজাতক ছেলেকে পালক নিই। এখন ছেলেটির বয়স আট বছর ১০ মাস। আমার ও আমার স্ত্রীর অবর্তমানে আমাদের স্থাবর-অস্থাবর যা সম্পত্তি আছে সবকিছুর মালিক এই ছেলেকে করতে চাই। আমরা চার ভাই, আমি সবার বড়। অন্য ভাইদের ছেলেমেয়ে আছে।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 আপনি কোন ধর্মাবলম্বী তার উল্লেখ চিঠিতে নেই।
ইসলাম ধর্মে অ্যাডোপশন বা দত্তকের কোনো বিধান নেই। তবে জীবদ্দশায় আপনি আপনার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে হস্তান্তর করতে পারেন।

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে।এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।