পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। সঙ্গে প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

আমি হিন্দুধর্মাবলম্বী। আমার বয়স ২৭ বছর, আমার স্বামীর ৪৫ বছর। তিনি একসঙ্গে চাকরি ও ব্যবসা করেন। আমাদের একটি মাত্র ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ে। সমস্যা হলো, তিনি মাদক সেবন করেন। অনেক রাতে বাড়ি ফেরেন। আমাদের খরচও ঠিকমতো দেন না। আগে মারধরও করতেন আমাকে। আমি নিশ্চিত যে এ রকম বাবার কাছে থাকলে আমার সন্তান নষ্ট হয়ে যাবে। আমি তাঁর সঙ্গে আর থাকতে চাই না। প্রয়োজনে চাকরি করে আমার সন্তান নিয়ে আলাদা থাকব। কিন্তু হিন্দু আইনে কোনো ডিভোর্সের নিয়ম নেই। এমতাবস্থায় আমি কী করে তাঁর কাছ থেকে মুক্তি পাব?
অর্পিতা কর্মকার
দেওয়ানহাট, চট্টগ্রাম
হিন্দু আইনে তালাকের কোনো বিধান নেই। তবে আপনি এফিডেভিটের মাধ্যমে পৃথক থাকার ঘোষণা দিতে পারেন এবং ভরণপোষণের জন্য আদালতে মামলা করতে পারেন।
আমরা পাঁচ ভাইবোন, মা জীবিত। বাবা মৃত্যুর সময় তাঁর মালিকানাধীন তিনটি বাড়ি রেখে যান। সম্প্রতি আমরা বাড়িগুলোতে আইনমতো নিজেদের প্রাপ্য অংশ বুঝে নেওয়ার ব্যাপারে একমত হই। কিন্তু আমাদের এক ভাই প্রতিটি বাড়িতে তাঁর প্রাপ্য অংশের বদলে তাঁর পছন্দমতো একটি বাড়ি সম্পূর্ণভাবে দাবি করে বসে, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়। আমাদের প্রতিটি বাড়ির বাজারমূল্যে অনেক পার্থক্য থাকায় তার প্রস্তাবে পরিবারের অন্যরা আপত্তি জানায়। এ অবস্থায় ভাই আইনগত ব্যবস্থা নিতে পারে কি না এবং এ সমস্যার কীভাবে সমাধান পেতে পারি জানতে চাই।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
আপস বণ্টনের মাধ্যমে আপনারা সম্পত্তি ভাগ করতে অনিচ্ছুক হলে আপনাদের আদালতের মাধ্যমে সম্পত্তি ভাগ করতে হবে। বণ্টন মামলার মাধ্যমে এ ধরনের ভাগ-বাঁটোয়ারা সম্ভব।
১৯৯২ সালে আমার মা-বাবার বিয়ে হয়। তখন তাঁদের কাবিন নিবন্ধন করা হয়নি। কারণ, আমার বাবা নৌবাহিনীতে চাকরি করতেন, বিয়ে করার কথা জানাজানি হলে চাকরিতে সমস্যা হবে বলে তিনি জানান। পরে নিবন্ধন করার কথা ছিল। তাঁদের বিয়ের তিন বছর পর আমার জন্ম হয়। আমার যখন বয়স দুই বছর তখন আমার বাবা মাকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এরপর থেকে আমাদের আর কোনো খোঁজখবর নেননি ও ভরণপোষণ দেননি। কোনো কাবিন না থাকায় আমার বাবা আমার মাকে সরাসরি স্ত্রী বলে অস্বীকার করেন। প্রায় পাঁচ বছর আমার নানা মামলা পরিচালনা করে রায় পান এবং ভরণপোষণ দিতে আদালত আমার বাবাকে নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত আমার বাবা কোনো যোগাযোগ করেননি এবং ভরণপোষণও দেননি। আমার বাবা ২০ বছর আগে অস্বীকার করলেও বর্তমান আধুনিক যুগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে পারে আমি তাঁর ঔরসজাত সন্তান। আমি চাই আমার বাবার কঠিন বিচার হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক, রাঙামাটি
আদালত যেহেতু আপনার নানার পক্ষে রায় লিখেছেন এবং ভরণপোষণের আদেশ দিয়েছেন সেহেতু আপনি তাঁর ঔরসজাত সন্তান এটি প্রমাণ করার জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। এখন আপনারা আদালতের আদেশটি কার্যকর করার পদক্ষেপ নিতে পারেন। এ ধরনের আদেশ অমান্য করলে শাস্তি হিসেবে কারাদণ্ডের বিধান আছে।
২০০৮ সালে আমার বিয়ে হয়েছে। দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না। আমরা স্বামী-স্ত্রী একই পদে চাকরি করছি। কিন্তু স্ত্রী বেতনের টাকা আমাকে না দিয়ে তাঁর বাবা-মার সংসারে ব্যয় করেন। আমি স্ত্রীর সব দিক বিবেচনা না করে, শুধু চাকরি দেখেই বিয়ে করেছি। স্ত্রীকে বেতনের টাকার কথা বললেই স্ত্রী বলেন, ভাইবোন মানুষ করব এবং বাবা-মাকে প্রতিষ্ঠিত করব, আমি সংসার করব না। এ বছর আমাদের একটা পুত্রসন্তান হয়েছে। আমি এখন দাম্পত্য জীবনে খুবই অসহায় বোধ করছি। এ অবস্থায় আমার করণীয় কি?
সালাম
সাঁথিয়া, পাবনা
এটি আপনাদের পারিবারিক সমস্যা, আপনার মানসিক সমস্যার ক্ষেত্রে মেডিটেশন বা ধ্যান করে দেখতে পানেন। তাতে অস্থিরতা কমতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা ছাড়া আপনার আইনগত কোনো প্রতিকার নেই।
আমি একজন শিক্ষিকা। বিয়ে হয়েছে ২০০৩-এ। ২০০৭-এ সন্তান হয়েছে। আমার স্বামী দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার চেষ্টা করছেন। তিনি কিছু ছাত্র পড়ান, কোনো চাকরি করেন না। একসময় তিনি বললেন, বাড়িতে নাকি তাঁর পড়া হচ্ছে না। এ জন্য তিনি চলে যান মেসে।
এ বছর হঠাত্ একদিন এসে বলেন, আমাকে তালাক দেবেন। খোঁজ নিয়ে শুনি তিনি অন্য এক মেয়ের সঙ্গে প্রেম করছেন। তিনি এখন বলে বেড়াচ্ছেন আমার সন্তান নাকি তাঁর নয়। ১০ বছর সংসার করার পর আজ শুনি এই কথা! প্রেম ও বিয়ে করলাম দুজনের মতে আর তালাক কেন একজনের মতে হবে? এর কি কোনো শাস্তি নেই?
নাম প্রকাশে অনিচ্ছুক
আজিমপুর, ঢাকা।
আইন অনুযায়ী আপনার স্বামীর তাঁর সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা আইন অনুযায়ী বিবাহ করেছেন এবং ১০ বছর বিবাহিত জীবন যাপন করেছেন। সেহেতু ধরা হবে শিশুটির পিতা আপনার স্বামী। আপনি পারিবারিক আদালতে আপনার ও শিশুটির ভরণপোষণের মামলা করতে পারেন। তবে আপনার স্বামী আপনাকে তালাক দেওয়ার অধিকার রাখেন।