পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব

প্রাপ্তবয়স্ক ও উচ্চমাধ্যমিক পাস একটি মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের এক মাসের মধ্যে তাঁর স্বামী আপন চাচাতো ভাইকে খুন করে নিরুদ্দেশ হয়ে যান। এরপর মেয়েটি আর সেই স্বামীর সংসারে যান না। আলাদা থেকে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। একসময় তাঁর স্বামী পুলিশের কাছে ধরা পড়েন। এখন তাঁর বিচার চলছে। এ অবস্থায় এই স্ত্রী যদি স্বামীকে তালাক দিতে চান, সে ক্ষেত্রে কীভাবে এগোনো যেতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।

কাবিননামায় স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া থাকলে তিনি স্বামীকে আইন অনুযায়ী তালাক দিতে পারেন। এ ধরনের তালাক সাধারণত তিন মাস পর কার্যকর হয়।
আমি প্রেম করে বিয়ে করি। বিয়েতে আমার স্ত্রীর মা-বাবা কেউ রাজি ছিলেন না। বিয়ের এক মাস পরই আমার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে তার বাবার বাড়ি চলে যায়। পরে গ্রামের মানুষ মিলে সালিস করলেও সে আর আসেনি। কিছুদিন পর অন্য এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়নি। এখন সে সংসার করছে এবং তার একটি সন্তানও আছে। আমিও আরেকটি মেয়েকে বিয়ে করেছি। আমাদের আগের বিয়ের কাবিনে নগদ দুই লাখ টাকা ও ৪ শতাংশ জমি স্ত্রীকে দেওয়া হয়েছে। এখন আমার আগের স্ত্রী কি সেই জমি ও টাকা পাবে?
রাশেদ
টঙ্গী, গাজীপুর

এ ধরনের দ্বিতীয় বিয়ের আইনগত কোনো বৈধতা নেই। নিয়মমাফিক তালাকের মাধ্যমেই পুনরায় বিয়ে সম্ভব। কাবিনে উল্লেখিত টাকা ও জমি আগের স্ত্রীর প্রাপ্য। আপনাদের যেহেতু বিচ্ছেদ হয়নি, সেহেতু আপনারা দুজন দুজনকে তালাক দিতে পারেন। তালাক কার্যকর হওয়ার পর মেয়েটির পুনরায় বিয়েতে কোনো বাধা নেই।]

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।