পাঠ্যক্রমে সাইবার নিরাপত্তা অন্তর্ভুক্তির আহ্বান
চলমান সময়ের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হতে পারে তথ্যপ্রযুক্তির যুদ্ধ। তাই সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি। কিন্তু দেশের তথ্যপ্রযুক্তি পড়াশোনায় এ বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তথ্যপ্রযুক্তিতে শক্তিশালী হওয়ার জন্য এ বিষয়ে প্রচুর পড়াশোনার প্রয়োজন আছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘সাইবার নিরাপত্তা’-বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন বক্তারা। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশের পঞ্চম বর্ষপূর্তিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম পান্না মূল প্রবন্ধ পড়েন। তিনি তাঁর প্রবন্ধে সাইবার হামলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সাইবার জগৎকে নিয়ন্ত্রণ নিয়েও তিনি কথা বলেন। পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন লাইন, পানি সরবরাহ, গ্যাসলাইন ও রেলওয়ে লাইনের মতো জাতীয় সম্পদগুলো সাইবার অপরাধীদের আক্রমণের বড় লক্ষ্য। হামলা থেকে রক্ষা পাওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, ‘সারা বিশ্বের বিলিয়ন ডলারের ই-কমার্স সফলতা এখন অনেকাংশেই সাইবার নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা, তথ্যের গোপনীয়তা, স্বচ্ছতা ও প্রাপ্যতাও জড়িত।সেমিনারে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কে রায়, ভেনচার ইনভেস্টমেন্ট পার্টনার বিডি লিমিটেডের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ ও অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ শহীদ প্রমুখ। —জিয়াউর রহমান চৌধুরী