পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট পুনরুদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার হ্যাকারের কবল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইট পুনরুদ্ধার হয়েছে। গতকাল শনিবার ওয়েবসাইটটি আবার আগের মতোই দেখা গেছে। www.nctb.gov.bd ঠিকানার এই ওয়েবসাইটটি শুক্রবার হ্যাকারদের হাতে বেদখল হয়ে যায়। এমিল ইন্ডিয়ান হ্যাকার নামে একাধিক হ্যাকারের একটি দল এ সাইটটির দখল নিয়ে সেখানে আপত্তিকর কথাবার্তা লিখে রাখে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত এমন অবস্থা ছিল। এরপর সাইটটি কিছুক্ষণ নিষ্ক্রিয় থাকার পর আবার আগের রূপে ফিরে আসে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, শুক্রবার মধ্যরাতেই হ্যাকারদের হাত থেকে পুনরুদ্ধার করা হয়। এনসিটিবির ওয়েবসাইট আবার আগের অবস্থায় ফিরে এলেও এই হ্যাকিংয়ের ঘটনা কারা ঘটিয়েছে তা গতকাল পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে সাইটটির রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান এইচএসটিসি লিমিটেডের প্রোগ্রামার মামুনুল হোসেন জানান, হ্যাকিংয়ের ঘটনা জানার পর শুক্রবার রাতেই আমরা আবার সাইটের ওপর কর্তৃত্ব ফিরিয়ে আনি। তবে গতকাল পর্যন্ত হ্যাকারদের শনাক্ত করা বা এ ঘটনা কীভাবে ঘটল তা জানা যায়নি। প্রসঙ্গত, গত মার্চ মাসে একসঙ্গে দেশের ১৯ জেলার সরকারি ওয়েবসাইট (জেলা তথ্য বাতায়ন) এই এমিল ইন্ডিয়ান হ্যাকারের হাতে বেদখল হয়ে গিয়েছিল। —নিজস্ব প্রতিবেদক