প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বহুনির্বাচনি ও সৃজনশীল—এ দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। বহুনির্বাচনি অংশের জন্য ভালো করে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিয়ে পড়বে। পাঠ্যবইয়ে প্রতিটি অধ্যায় সংশ্লিষ্ট সন, তারিখ, নাম, বিভিন্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, পটভূমি ইত্যাদি ভালোভাবে আয়ত্ত করবে।
সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঠ্যবইয়ের সব অধ্যায় থেকেই করা হবে। সে জন্য পাঠ্যবইয়ের সব অধ্যায় ভালো করে পড়ে, বুঝে এবং যেকোনো নতুন পরিস্থিতিতে পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হবে। এটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, উদ্ধৃতি, মন্তব্য, চিত্র, ছবি ইত্যাদির মাধ্যমেও হতে পারে। উদ্দীপকটি সাধারণত হয়ে থাকে মৌলিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কাজ হবে সুনির্দিষ্ট ধারণা খুঁজে বের করা। আর সে ধারণাটিকে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা। সৃজনশীল প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি অবশ্যই ভালো করে পড়ে নেবে। উদ্দীপকের গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি বারবার পড়ে নেবে। গ নম্বরের প্রশ্নোত্তর যেন ঘ নম্বরের চেয়ে বড় না হয় সেদিকে লক্ষ রাখবে। যেহেতু কোনো প্রশ্নই কমন পড়বে না, সেহেতু প্রশ্নোত্তর মুখস্থ না করে বুঝে পড়ো। তবে প্রশ্নের ধরন বোঝার জন্য পত্রিকায় যেসব মডেল প্রশ্ন ছাপা হয়েছে, সেগুলো দেখতে পারো। মনে রাখবে, ছয়টি প্রশ্নের উত্তর যাতে লিখে শেষ করতে পারো, সেভাবে সময়টাকে ভাগ করে নেবে। ছোট ছোট বাক্যে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে উত্তর করবে। প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যে প্রশ্নগুলোর উত্তর তুমি ভালো পারো, সেগুলো আগে লিখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরপত্রে মানের ধারাবাহিকতা রক্ষা করবে। প্রশ্নের উত্তর লেখা শেষ করে অবশ্যই খাতা রিভিশন দেবে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর