পাঠ্যবইয়ের মাল্টিমিডিয়া সিডি প্রকাশ করল ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও গণিতের পাঠ্যবই মাল্টিমিডিয়া সিডি আকারে প্রকাশ করেছে ব্র্যাক। গতকাল রোববার ঢাকার ব্র্যাক সেন্টার-ইনে ‘কার্যকর ও আনন্দদায়ক শিক্ষায় তথ্যপ্রযুক্তির ভূমিকা’ শিরোনামে এক অনুষ্ঠানে এসব সিডির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। এ সময় তিনি বলেন, ব্র্যাক সরকারের সহযোগী হিসেবেই কাজ করে যেতে চায়। পাঠ্যপুস্তকের এসব মাল্টিমিডিয়া সিডি সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব আবুল কালাম। সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন।ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় ‘কম্পিউটার এইডেড লার্নিং (সিএএল)’-এর অংশ হিসেবে সিডির মোড়ক উন্মোচন করা হয়। শিগগিরই ইংরেজি এবং অন্যান্য বিষয়গুলোকেও সিডিতে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, সিএএল কার্যক্রমে পাঠ্যপুস্তকের বিভিন্ন অধ্যায়ের নানা রকম বিষয়, সমস্যা, অনুশীলন সিডিতে আনন্দদায়ক ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। এতে ছবি, লেখা, শব্দ ও চলমান চিত্রের পাঠ্যবিষয়গুলো তুলে ধরা হয়েছে। কম্পিউটারনির্ভর শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের যেকোনো বিষয় পড়ার পাশাপাশি সে সম্পর্কে একটি বাস্তব ধারণাও পাবে বলে অনুষ্ঠানে বক্তারা জানান। প্রসঙ্গত, ২০০৭ সালে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ‘পেইস কার্যক্রম’ কম্পিউটারকে শিক্ষাদানের মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রয়াস নিয়ে শুরু করে ‘সিএএল’ কার্যক্রম, যার মধ্যে রয়েছে উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।যেসব বিদ্যালয়ে এই কম্পিউটার এইডেড লার্নিং কার্যক্রমের আওয়াত আনা হয়েছিল সেগুলোতে ব্র্যাক কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যাটারি অথবা আইপিএসের সেবাও দেওয়া হয়ে থাকে।—তাসবীর শাতিল