পানামা পেপারস কেলেঙ্কারিতে বিশ্বের অনেক নামীদামি মানুষের জীবন এখন ‘ছ্যাড়াব্যাড়া’ পর্যায়ে চলে গেছে। এ ঘটনায় আইসল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ পর্যন্ত করেছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখন পর্যন্ত পানামা পেপারস কেলেঙ্কারিতে কোনো বাংলাদেশির নাম শোনা যায়নি! এ নিয়ে বাংলাদেশের কয়েকজন প্রখ্যাত দুর্নীতিবাজের মাঝে হতাশার শেষ নেই। তবে সামনের মাসে পূর্ণাঙ্গ নথি প্রকাশের পর যদি বাংলাদেশের কয়েকজন সুযোগ্য দুর্নীতিবাজের নাম চলে আসে, তাহলে সংবাদমাধ্যমে তাঁদের নিয়ে কী ধরনের ব্রেকিং নিউজ হতে পারে? আগাম ভেবেছে রস+আলো।

ব্রেকিং নিউজ ১
পানামায় গোপন কেলেঙ্কারি ফাঁস, গর্বিত মকবুল!
অনলাইন নিউজ দাতা
‘গরিবের স্পাইডারম্যান’ বলে খ্যাত রাজনীতিবিদ মকবুল বেগের গোপন কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে জার্মানির দৈনিক পত্রিকা জিটডয়েচসাইতং। তাদের ভাষ্যমতে, মকবুল নাকি ‘বাড়িতে শুয়ে বড়লোক হউন’ প্রকল্প থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে দেশের পানামায় পাচার করে দিয়েছেন। এ ঘটনায় ফেসবুকে শুরু হয়েছে তুমুল আন্দোলন। কয়েকজন অতি উৎসাহী ফেসবুকার একটি ইভেন্টও খুলে ফেলেছেন, ‘আমি যদি মকবুল হতাম’। সেখানেও সর্বস্তরের মানুষ তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ ব্যাপারে মকবুলের সঙ্গে যোগাযোগ করা হলে আবেগতাড়িত গলায় তিনি বলেন, ‘আমি গর্বিত। অবশেষে আমি বিশ্বের দরবারে আবার বাংলাদেশের নামটি মনে করিয়ে দিলাম। তবে যারা আমার সমালোচনা করছে, তারা বাংলার শত্রু। সময়মতো তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
যাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, তাদের ডেন্টিস্টের খরচ কে বহন করবে? জানতে চাইলে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন।

ব্রেকিং নিউজ ২
পানামা কেলেঙ্কারি: নায়ক বদন কুমারের ওপর স্বামীতাভ খানের আক্রমণ!
বিনোদন সংবাদদাতা
ফাঁস হয়ে যাওয়া পানামা পেপারসের কল্যাণে গত রাতেই জানা গিয়েছিল তথ্যটি। নায়ক স্বামীতাভ নাকি বিদেশে কোম্পানি খোলার নাম করে বিপুল পরিমাণ অর্থ পাচার করে দিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। সংবাদ সম্মেলন করে তিনি বললেন, ‘পানামার ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি ছবির শুটিংয়ের কাজেও কখনো পানামায় যাইনি। এ ঘটনা আসলে ঘটিয়েছে ওই ফ্লপ নায়ক বদন কুমার। সে আমার নাম ভাঙিয়ে বিদেশে টাকা পাচার করত।’
এখন কী করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে স্বামীতাভ খান বলেন, ‘এখন তো আমি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। তাই চিন্তা করছি, বিদেশে আরও কয়েকটি কোম্পানি খুলব এবং সেখানে আরও বিপুল পরিমাণ টাকা পাঠাব।’
বেফাঁস এই মন্তব্য করার পরপরই তিনি ‘পানামায় শুটিং আছে’ বলে দ্রুত সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন।

ব্রেকিং নিউজ ৩
‘কেলেঙ্কারি নয়, এটা সারপ্রাইজ’
নিজস্ব প্রতিবেদক
এলাকার উন্নয়ন সম্পন্ন করার পর জামতলা এলাকার চেয়ারম্যান বদিউল খান চেয়েছিলেন সারা বিশ্বের উন্নয়ন করতে। সে জন্যই তিনি গোপনে পানামায় কিছু টাকা পাচার করেছিলেন। ভেবেছিলেন, উন্নয়ন সম্পন্ন হওয়ার পরই সবাইকে সারপ্রাইজ দেবেন। আজ দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি। কিন্তু তার আগেই ফাঁস হওয়া নথি থেকে জানা গেল, দেশের টাকা বিদেশে পাচার করেছেন বদিউল। ঠিক এ কারণেই বদিউল পানামা পেপারসের ঘটনাটিকে ‘কেলেঙ্কারি’ বলতে নারাজ। তাঁর কাছে পানামা পেপারস একটি ‘সারপ্রাইজ’। নাম ফাঁসের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বদিউল আরও বলেন, ‘ওয়েট করেন, সামনে এ রকম আরও অনেক সারপ্রাইজ কামিং।’

ব্রেকিং নিউজ ৪
পানামা পেপারস কেলেঙ্কারি: গার্লফ্রেন্ডের সঙ্গে গোনাল্ডোর ব্রেকআপ!
ক্রীড়া ও বিনোদন প্রতিবেদক
পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম উঠেছে ফুটবলার মশির; অথচ হৃদয় ভাঙল কিনা গোনাল্ডোর! গার্লফ্রেন্ডের সঙ্গে গোনাল্ডোর ছাড়াছাড়ির বিষয়টি পরিষ্কার হয়েছে ফেসবুকে। নিজের ভেরিফায়েড পেজে গোনাল্ডো আজ রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘সিঙ্গল’ লিখেছেন। অন্যদিকে তাঁর গার্লফ্রেন্ড মডেল মর্জিনার ফেসবুক পেজে দেখা যাচ্ছে ফুটবলার মশির ছবি! এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা!
গোনাল্ডো নিজে মুখ না খুললেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, পানামা পেপারসে নাম নেই বলেই সম্পর্ক ভেঙে দিয়েছেন মর্জিনা। ওই সূত্রটি আরও জানায়, পানামা পেপারসের মতো অভিজাত তালিকায় বয়ফ্রেন্ডের নাম দেখে তিনি মুষড়ে পড়েছেন। বিশেষ করে কষ্টের আগুনে ঘি ঢেলে দিয়েছে ফুটবলার মশির জড়িত থাকার বিষয়টি। খুব ঘনিষ্ঠ একজনের কাছে আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে এই মডেলকন্যা বলেন, ‘মশির নাম যদি উঠতে পারে, গোনাল্ডোর নাম কেন নয়! ও আসলে কোনো কাজের না! ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ও একদিন দেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরবে। সেটা ও পারল না, তাই আমি ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি!’
এ ব্যাপারে গোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।