পানি ছাঁকতে বই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জুলাইয়ে বাংলাদেশে পানি শোধন করার বইয়ের পাতা দিয়ে পানি বিশুদ্ধ করার পরীক্ষা চালানো হয়। ছবিটি আইডিইর ওয়েবসাইট থেকে নেওয়া।
গত জুলাইয়ে বাংলাদেশে পানি শোধন করার বইয়ের পাতা দিয়ে পানি বিশুদ্ধ করার পরীক্ষা চালানো হয়। ছবিটি আইডিইর ওয়েবসাইট থেকে নেওয়া।

বইটির পাতা ছিঁড়ে তাতে ছেঁকে নিলেই দূষিত ও জীবাণুযুক্ত পানি খাওয়ার যোগ্য হয়ে উঠবে। ওই পাতায় পানি কীভাবে ও কেন পরিষ্কার করতে হবে সে সংক্রান্ত তথ্যও আছে। যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক এই ‘ছাঁকনি বই’ আবিষ্কার করেছেন।
সম্প্রীতি এ পদ্ধতির প্রথম পরীক্ষায় দেখা গেছে, ওই বইয়ের পাতা দিয়ে পানি ৯৯ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ হয়।
আজ সোমবার বিবিসির এক সংবাদে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের কারনেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক টেরি ডেঙ্কোবিচ বেশ কয়েক বছর সময় নিয়ে প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন। এ পরীক্ষার ফলাফল সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির জাতীয় সভায় উপস্থাপন করা হয়েছে।
বিবিসির ওই সংবাদে বলা হয়েছে, ওই বইয়ের পৃষ্ঠায় রুপা ও তামার সূক্ষ্ম কণার আস্তরণ রয়েছে যা পানিতে থাকা জীবাণুকে ধ্বংস করতে পারে। এ পদ্ধতিটির পরীক্ষার জন্য প্রাথমিকভাবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ঘানার ২৫টি স্থান থেকে দূষিত পানি নিয়ে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় পানি ৯৯ শতাংশেরও বেশি জীবাণুমুক্ত হতে দেখা গেছে। তবে পরীক্ষার সময় রুপা ও তামা স্বল্প পরিমাণে পানির সঙ্গে মিশে যেতে দেখা গেছে। গবেষকেরা বলছেন, এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই।
অধ্যাপক টেরি ডেঙ্কোবিচ বিবিসিকে বলেন, ‘এ পানি বিশুদ্ধ করার জন্য বই থেকে একটি পাতা ছিঁড়ে তা নদী, পুকুর ইত্যাদির পানি ছেঁকে নিলেই তা বিশুদ্ধ হয়ে যাবে।’ তিনি বলেন, এভাবে পানি পরিষ্কার তো হবেই, জীবাণুমুক্তও হবে। পরীক্ষায় দেখা গেছে, ওই বইয়ের একটি পাতা দিয়ে ১০০ লিটার পর্যন্ত পানি পরিষ্কার করা সম্ভব। আর একটি বই দিয়ে চার বছর পানি পরিষ্কার করা যাবে।