পানির উৎস বোতলেই!
যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি নতুন এক ধরনের বোতল তৈরি করেছেন যা বাতাসের আর্দ্রতাকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি তৈরি করতে পারে। মরুভূমিতে চলার সময় বা পানির উত্স থেকে দূরে থাকলে এ বোতল ব্যবহার করে প্রতি ঘণ্টায় তিন লিটার পানি তৈরি করা সম্ভব। অবশ্য এজন্য বোতলে সামান্য পানি থাকতে হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।যুক্তরাষ্ট্রের এনবিডি ন্যানো নামের একটি নতুন প্রতিষ্ঠান পানি তৈরির ক্ষেত্রে ‘বায়োমিমিক্রি’ নামের এ পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। মরুভূমিতে বসবাসকারী এক ধরনের পোকা থেকে অনুপ্রাণিত হয়ে এ পদ্ধতি উদ্ভাবন করেছেন এনবিডি ন্যানোর গবেষকেরা। তাই এ পদ্ধতিটির নাম রাখা হয়েছে ‘বায়োমিমিক্রি’।গবেষকেরা জানিয়েছেন, নামিব মরুভূমির বিশেষ ধরনের পোকা যেভাবে আর্দ্রতা শোষণ করে সে পদ্ধতি ব্যবহার করেই পানি সংরক্ষণের উপযোগী বোতল তৈরি করা হয়েছে। বোতলে হাইড্রোফিলিক ও হাইড্রোফোবিক নামের উপাদান ব্যবহার করে বাতাসের আর্দ্রতাকে কাজে লাগিয়ে এ বোতলটি পানি উত্পাদন করে। গবেষক মিগুয়েল গ্যালভেজ এ প্রসঙ্গে বিবিসিকে জানিয়েছেন, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রযুক্তি নকশা তৈরি করা হয়েছে। তবে এ গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পদ্ধতির সাহায্যে বোতলে সামান্য পরিমাণ পানি রেখে বোতলে তিন লিটার পর্যন্ত পানি উত্পাদন করা যায়। এই আবিষ্কার ভবিষ্যতে গোবি বা আতাকামা মরুভূমি অঞ্চলের প্রতিকূলতার বিরুদ্ধে বিশেষ করে পানির অভাবে পড়া অসহায় মানুষকে টিকে থাকতে সাহায্য করবে।