পানির ট্যাপেই ধোয়া-মোছা!
পানির ট্যাপে হাত ধোয়ার পর তা মোছার জন্য আর তোয়ালের খোঁজ করার প্রয়োজন পড়বে না। হাত শুকিয়ে নেয়া যাবে পানির এ ট্যাপ ব্যবহার করেই। সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ডাইসন ‘এয়ারব্লেড’ নামে এমনই একটি পানির ট্যাপ তৈরি করেছে যা অল-ইন-ওয়ান হিসেবে ব্যবহার করা যায়। খবর বিবিসি অনলাইন-এর।এ প্রসঙ্গে ডাইসন কর্তৃপক্ষ জানিয়েছে, পানির ট্যাপটি গরম পানি, ঠান্ডা পানি ও ভেজা হাত শুকানোর কাজে ব্যবহার করা যাবে। ট্যাপটির দাম এক হাজার ব্রিটিশ পাউন্ড।ডাইসনের প্রতিষ্ঠাতা স্যার জেমস ডাইসনের ভাষ্য, এয়ারব্লেড ট্যাপটির ব্যবহারে ‘হট এয়ার ড্রায়ার’ ও তোয়ালে কেনার জন্য আর পয়সা খরচ করতে হবে না। এয়ারব্লেড ট্যাপ তৈরিতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মোটর, এয়ার ফিল্টার ও শব্দ প্রতিরোধক যন্ত্র। ডাইসনের ভাষ্য, একশো জনের বেশি প্রকৌশলী ২ কোটি পাউন্ডের বেশি খরচ করে এ প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন।